একই সময়ে ফ্রান্সে রেকর্ড করা হয়েছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ রাত।
মঙ্গলবার এক জরুরি বৈঠকের পর ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু জানান, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহ-সম্পর্কিত ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণ রয়েছেন।
তিনি বলেন, “এরা এই সংকটের প্রথম শিকার।” প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ফরাসি আবহাওয়া সংস্থা মেটিও-ফ্রান্স জানিয়েছে, সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত রাতটি ছিল ১৯৪৭ সাল থেকে সংরক্ষিত আবহাওয়া রেকর্ডের ইতিহাসে সবচেয়ে উষ্ণ রাত। ওই রাতে দেশজুড়ে গড় তাপমাত্রা ছিল ২১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা ২০১৯ সালের আগের সর্বোচ্চ রেকর্ডকে অতিক্রম করেছে।
তীব্র গরমে দেশের বিভিন্ন শহরে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হয়েছে। বোর্দো ও পোয়াতিয়েরসহ একাধিক শহরে অতিরিক্ত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের ৫৪টি অঞ্চলে রেড হিট অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।
তাপপ্রবাহের প্রভাবে অনেক এলাকায় স্কুল আগেভাগে বন্ধ ঘোষণা করা হয়েছে অথবা পাঠদানের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, গরম থেকে বাঁচতে অনেক মানুষ অনুমোদনহীন নদী ও জলাশয়ে নামছেন, যা প্রাণহানির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া গাড়ির ভেতরে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া দুই শিশু এবং কয়েকজন বয়স্ক ব্যক্তির মৃত্যুর ঘটনাও তদন্ত করা হচ্ছে। প্রাথমিকভাবে এসব মৃত্যুর সঙ্গে তাপপ্রবাহের সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ফ্রান্সের পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশও তীব্র গরমের কবলে পড়েছে। যুক্তরাজ্য এ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। অন্যদিকে স্পেন এর কয়েকটি অঞ্চলে ইতোমধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদরা বলছেন, ইউরোপজুড়ে চলমান এই অস্বাভাবিক তাপপ্রবাহের পেছনে কাজ করছে ‘ওমেগা ব্লক’ নামে পরিচিত একটি আবহাওয়াগত ব্যবস্থা। এর ফলে উষ্ণ বায়ু দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট অঞ্চলে আটকে থাকে এবং উত্তর আফ্রিকা ও সাহারা মরুভূমি থেকে আসা গরম বাতাস ইউরোপের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবও এ ধরনের চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন ও তীব্র করে তুলছে।
