মূল সংবাদে যান
জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগকে অবৈধ ঘোষণা এবং ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে রুল জারির অনুরোধের পাশাপাশি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিতের আবেদনও করা হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট

বুধবার (৩ ডিসেম্বর) বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে দলটির মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম এই রিট দায়ের করেন। আগামী সপ্তাহে বিচারপতি সিকদার মাহমুদুর রাজীর নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রিট আবেদনে বলা হয়, নির্বাহী বিভাগের কর্মকর্তাদের দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা এবং নির্বাচন আয়োজন করা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচার বিভাগের মতো নির্বাচন কমিশনেরও স্বাধীন লোকবল ও কাঠামো থাকা উচিত। এ কারণে ‘ইলেক্টোরাল সার্ভিস কমিশন’ গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

রিটে আরও উল্লেখ করা হয়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও বাস্তবে এই দায়িত্ব নির্বাহী বিভাগকে দেওয়া হয়। সরকারের প্রতিনিধিত্বকারী নির্বাহী বিভাগ সরকারের ইচ্ছানুযায়ী নির্বাচন পরিচালনা করে থাকায় নির্বাচনকে ঘিরে ধারাবাহিকভাবে বিতর্ক ও প্রশ্ন তৈরি হয়।

রিটে দাবি করা হয়, নির্বাহী বিভাগ বর্তমানে আস্থা ও গ্রহণযোগ্যতা হারিয়েছে। তাদের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে জনগণ বিশ্বাস করে না। তাই নির্বাচন কমিশনের নিজস্ব কাঠামো থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।

গণমাধ্যমকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, সরকার ও নির্বাচন কমিশন ইতোমধ্যে জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে মতবিনিময় করেছে এবং তাদের নির্বাচন পরিচালনার ইঙ্গিত দিয়েছে। ‘আবারও নির্বাহী বিভাগকে নির্বাচন পরিচালনার দায়িত্ব দিলে প্রভাবিত নির্বাচন হওয়া নিশ্চিত,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত করা এবং বর্তমান নির্বাচন কমিশন সচিবকে অপসারণ করা জরুরি। অন্যথায় নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে না।

সম্পর্কিত বিষয়

  • সংসদ নির্বাচন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন