মূল সংবাদে যান
শিক্ষা ও চিকিৎসা

ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় প্রশিক্ষণ পেলেন তিনশতাধিক মহিলা পুলিশ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর এবং পিজিএস একাডেমিয়ার যৌথ উদ্যোগে চলছে মাসব্যাপী ব্রেস্ট ক্যান্সার সচেতনতা কর্মসূচি। এর অংশ হিসেবে শনিবার (২৪ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাল্টিপারপাস সেডে তিন শতাধিক মহিলা পুলিশ সদস্যদের নিয়ে এক সভা ও হাতে-কলমে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় প্রশিক্ষণ পেলেন তিনশতাধিক মহিলা পুলিশ

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার নিস্কৃতি চাকমা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রবিউল হাসান চৌধুরী।

প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিএসসিআর-এর চেয়ারম্যান ডা. খুরশীদ জামিল চৌধুরী, মহিলা শল্যচিকিৎসক দলের প্রধান ডা. সায়রা বানু শিউলী, বিভাগীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. বিন্দু রানী গোপ, ডা. অন্তরা কর, সিএসসিআর হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. আজিজুর রহমান এবং ইঞ্জিনিয়ার মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রধান অতিথি নিস্কৃতি চাকমা তাঁর বক্তব্যে বলেন,“চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার এই উদ্যোগ প্রশংসনীয়। সঠিক সময়ে রোগ নির্ণয় করা গেলে ব্রেস্ট ক্যান্সারে প্রাণহানির সংখ্যা অনেক হ্রাস পাবে।”

মহিলা পুলিশ সদস্যদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন ডা. সায়রা বানু শিউলীর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল। এ সময় উদ্বুদ্ধকরণ আলোচনা ও ভিডিও প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং সিএসসিআর ও পিজিএস একাডেমিয়ার সহযোগিতায় অক্টোবর মাসব্যাপী চলছে ব্যাপক সচেতনতা প্রচারণা, বিনামূল্যে চিকিৎসা, ৫০ শতাংশ ছাড়ে পরীক্ষা, এবং বিনামূল্যে ব্রেস্ট সার্জারির ব্যবস্থা।

এছাড়া প্রতি শনিবার, সোমবার ও বুধবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সিএসসিআর হাসপাতালে চলছে বিনামূল্যে স্ক্রিনিং ও কনসালটেশন কার্যক্রম। মেয়রের সুপারিশক্রমে অক্টোবর মাসজুড়ে বিনামূল্যে অপারেশন কার্যক্রমও অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়

  • মহিলা পুলিশ
  • ব্রেস্ট ক্যান্সার
  • সিএসসিআর

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন