মূল সংবাদে যান
অপরাধ

ডিআইজি অফিসের সামনে এনসিপি-বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ডিআইজি অফিসের সামনে এনসিপি-বৈষম্যবিরোধীদের বিক্ষোভ

চট্টগ্রামের পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (০২ জুলাই) বিকেল ৩টায় নগরের খুলশী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এসময় শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে চান তারা।

এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, শিক্ষার্থীদের ওপর হামলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানতে তারা এসেছেন। মঙ্গলবার (০১ জুলাই) রাতে পটিয়ায় ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশে সোপর্দ করতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তাকে গ্রেপ্তার না করে উল্টো এ সময় পুলিশ তাদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়।

এর আগে পুলিশের সঙ্গে দুই দফা সংঘর্ষের ঘটনায় পটিয়া থানা ঘেরাও এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ফটক বন্ধ করে থানার ভেতরে অবস্থান নেয়। বুধবার সকাল সাড়ে ৯টা থেকে পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নেন তারা। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে ‘চট্টগ্রামের সর্বস্তরের ছাত্র-জনতা’ ব্যানারে মহাসড়কে টায়ার জ্বালিয়ে বন্ধ করে দেওয়া হয় যানবাহন চলাচল।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগরের মুখপাত্র ফাতেমা খানম বলেন, মঙ্গলবার রাতে দুই দফা হামলার প্রতিবাদে সকাল থেকে নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। সেখানেও পুলিশ বাধা দেয়। এ সময় ধাক্কাধাক্কিতে একজন নারী কর্মী আহত হয়েছে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ বলেন, ‘ওসি জায়েদ নূরের অপসারণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব’।

উল্লেখ্য, মঙ্গলবার রাতে রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দীপঙ্কর দে’কে আটক করে থানায় সোপর্দ করতে যান এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তবে দীপঙ্করের নামে কোনো মামলা না থাকায় ওসি তাকে গ্রেপ্তারে অপারগতা জানান।

এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে সংঘর্ষ হয়। সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক রিদওয়ান সিদ্দিকী, এনসিপির মহানগর সংগঠক সাইদুর রহমানসহ কয়েকজন আহত হন।

সম্পর্কিত বিষয়

  • ডিআইজি
  • বৈষম্যবিরোধী ছাত্র
  • এনসিপি
  • চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন