মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রামে গাড়িচালক সজিব হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার গাড়িচালক মো. সজিব হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

সোমবার (১৭ আগস্ট) চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন হবিগঞ্জের বানিয়াচংয়ের মো. নুরুল আমিন, কুমিল্লার দেবিদ্বারের মো. শাহজাহান এবং ফেনী সদর উপজেলার মো. নুরুল আলম টুটুল। তাঁদের মধ্যে টুটুল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। অপর দুই আসামি পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে সাজা পরোয়ানামূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। রায় ঘোষণার পর টুটুলকে সাজা পরোয়ানামূলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, মামলায় ২১ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তিনজনকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন নোয়াখালীর চাটখিলের বাসিন্দা মো. সজিব। তিনি পেশায় গাড়িচালক ছিলেন এবং বিভিন্ন জেলায় মালামাল পরিবহনের কাজ করতেন।

নিখোঁজের ১০ দিন পর ২৭ অক্টোবর পাহাড়তলী থানাধীন টোল রোডের পূর্ব পাশে শিল্প পুলিশের অধিগ্রহণ করা জমির পশ্চিম পাশে সেকান্দরের কৃষিজমি থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ফিঙ্গারপ্রিন্ট ও জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে মরদেহটি সজিবের বলে শনাক্ত করা হয়। মরদেহের মাথার পেছনে থেতলানো আঘাত, বুকে ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন ছিল।

এ ঘটনায় তদন্ত শেষে পুলিশ তিনজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২৩ সালের ১১ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্য দিয়ে মামলাটির বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২১ সাক্ষীর সাক্ষ্য ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে সোমবার আদালত তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন