এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ১২ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে বহিঃনোঙর সমুদ্র এলাকায় ‘অপারেশন সমুদ্র প্রহরা’র দায়িত্বে থাকা কোস্ট গার্ডের জাহাজ কুতুবদিয়া ও আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে বোটটি আটক করেন। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত বোটটি জব্দ এবং এর দুই আরোহীকে আটক করা হয়।
কোস্ট গার্ডের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, একটি সংঘবদ্ধ মাদক চক্র মিয়ানমারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে চট্টগ্রামে পাচারের চেষ্টা করছিল। দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির ভিত্তিতে চালানটির বিষয়ে তথ্য পাওয়ার পর অভিযান চালানো হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে মাদক পাচারের সঙ্গে জড়িত চক্রটির অন্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
