মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রামে লুট হওয়া ১৪৫ অস্ত্র এখনও অপরাধীদের হাতে

দুই বছর আগে থানা ও পুলিশের স্থাপনায় হামলা-লুটের সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খোয়া যাওয়া ১৪৫টি আগ্নেয়াস্ত্র এখনও উদ্ধার হয়নি।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

এসব অস্ত্রের কিছু অপরাধীদের হাতে পৌঁছে ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

২০২৪ সালের ৫ আগস্ট নগরের আট থানাসহ সিএমপির ২৯টি স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৯৪৪টি আগ্নেয়াস্ত্র ও ৮৬ হাজার ৪৭৮ রাউন্ড গোলাবারুদ লুট হয়। এর মধ্যে গত দুই বছরে ৭৯৯টি অস্ত্র উদ্ধার করা হলেও ১৪৫টির হদিস মেলেনি। একই সময়ে উদ্ধার হয়েছে ৫৬ হাজার ৮৫৬ রাউন্ড গোলাবারুদ।

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় লুট হওয়া অস্ত্র অপরাধীদের হাতে থাকার প্রমাণও মিলেছে। গত ২৫ জুলাই খুলশীর আমবাগানে পুলিশের অভিযানের সময় উদ্ধার দুটি পিস্তল ডবলমুরিং থানা থেকে লুট হওয়া বলে জানিয়েছে পুলিশ। এর আগে ১৬ জুন কোতোয়ালী থানা থেকে লুট হওয়া একটি পিস্তল ও গুলি উদ্ধার হয়। ২০২৫ সালের জুনে পাহাড়তলী থানা থেকে লুট হওয়া ৭ দশমিক ৬২ এমএম পিস্তলও এক ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছিল।

সিএমপি বলছে, অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে অভিযান, গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানান, হাতবদলের মাধ্যমে এসব অস্ত্র অপরাধীদের কাছে পৌঁছেছে। ফলে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ব্যবহারের আশঙ্কায় অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, লুট হওয়া অস্ত্র পুরোপুরি উদ্ধার না হলে এগুলো নতুন অপরাধী চক্র ও গ্যাং তৈরিতে ভূমিকা রাখতে পারে। ফলে দুই বছর পরও এসব অস্ত্রের হদিস না পাওয়া চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য উদ্বেগের বিষয়।

সম্পর্কিত বিষয়

  • আগ্নেয়াস্ত্র
  • সিএমপি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন