মূল সংবাদে যান
অপরাধ

হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড, সহযোগীদের ৫ দিন

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড, সহযোগীদের ৫ দিন

একই সঙ্গে অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া তার পাঁচ সহযোগীর পাঁচ দিনের রিমান্ডও অনুমোদন দেওয়া হয়েছে।

রবিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোতাসিম বিল্লাহ রিমান্ড শুনানি শেষে এ আদেশ দেন।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, ফটিকছড়ির জামাল হত্যা মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের এবং অস্ত্র আইনের মামলায় আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এছাড়া অস্ত্র মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচ সহযোগীর প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে, পুলিশ হত্যা ও অস্ত্র আইনের পৃথক দুটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করেছিল। শুনানি শেষে আদালত প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানায়, গত ২৯ জুলাই রাতে যশোর সদর উপজেলার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সহায়তায় ডেভিড ইমনসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি এবং অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, গত ১৩ জুন রাউজানের পাহাড়তলী এলাকায় যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য, সিসিটিভি ফুটেজ এবং গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।

পুলিশের তথ্যমতে, মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার বাসিন্দা এবং বিদেশে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী। পুলিশ আরও জানায়, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ ১৩ থেকে ১৫টি মামলা রয়েছে।

এছাড়া রাউজান, রাঙ্গুনিয়া ও চট্টগ্রাম মহানগরের একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন