যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।
শনিবার সকালে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইট জি৯-৫২৬-এ চট্টগ্রামে পৌঁছানোর পর ওই যাত্রীকে আটক করা হয়।
সিআইআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ৬টা ৫৮ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ভারতীয় নাগরিক থামিম আনসারি গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় গোয়েন্দা কর্মকর্তাদের নজরে আসেন। পরে সন্দেহের ভিত্তিতে তাকে তল্লাশি করা হলে অন্তর্বাসের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ক্যাপসুলসদৃশ স্বর্ণজাত পদার্থ উদ্ধার করা হয়।
প্যাকিং সামগ্রীসহ উদ্ধার হওয়া বস্তুটির মোট ওজন ৪৫৫ গ্রাম। বর্তমানে স্বর্ণকারের সহায়তায় প্যাকিং সামগ্রী অপসারণ করে প্রকৃত স্বর্ণের পরিমাণ ও বিশুদ্ধতা নির্ধারণের কাজ চলছে। প্রাথমিক হিসাবে উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছে সংস্থাটি।
সিআইআইডি জানায়, এ ঘটনায় কাস্টমস আইনের আওতায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে। আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণ ও অন্যান্য পণ্যের চোরাচালান রোধে গোয়েন্দা নজরদারি জোরদারের পাশাপাশি নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
