মূল সংবাদে যান
অপরাধ

ঈদের দিন সংঘর্ষে ১২ বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আহত ১১

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একদিনের ব্যবধানে আবারও সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। শনিবার (২১ মার্চ) সকালে ঈদের নামাজ শেষে হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ঈদের দিন সংঘর্ষে ১২ বাড়িঘরে ভাঙচুর-লুটপাট, আহত ১১

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সকাল ৯টার দিকে দুই পক্ষ ঢাল, সড়কি, রামদা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তিনি বলেন, কয়েকটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। তবে শনিবার বিকেল পর্যন্ত কোনো পক্ষ থানায় লিখিত অভিযোগ দেয়নি।

এদিকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, সংঘর্ষে আহত ১১ জন চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে ওহিদুর রহমান (৩৮) নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে। দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন এবং বাকি আটজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এলাকাবাসী জানায়, গোপীনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে। এক পক্ষের নেতৃত্বে আছেন ইসমাইল মুন্সী (৬৫) এবং অপর পক্ষের নেতৃত্ব দেন কামরুল মিয়া (৪৫)।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টার দিকে গ্রামের একটি চায়ের দোকানে কামরুল মিয়া ও ইসমাইল মুন্সীর ছেলে ফুয়াদ হোসেনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সেদিন মধ্যরাতে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যা পরদিন আবারও নতুন করে সহিংসতায় রূপ নেয়।

সম্পর্কিত বিষয়

  • ঈদের দিন সংঘর্ষ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন