মূল সংবাদে যান
অপরাধ

কারাগারে ঈদের আমেজ: নামাজ, বিশেষ খাবার ও সীমিত বিনোদনে উদযাপন

দেশের সব কারাগারে বন্দিরা ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতরের আনুষ্ঠানিকতা শুরু করবেন। নামাজ শেষে নতুন পোশাক পরে চার দেয়ালের ভেতর কঠোর নিরাপত্তার মধ্যেই তারা অংশ নেবেন ঈদের আনন্দ আয়োজনে। এ উপলক্ষে কারাগারগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে, যা সব বন্দির জন্য সমানভাবে পরিবেশন করা হবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
কারাগারে ঈদের আমেজ: নামাজ, বিশেষ খাবার ও সীমিত বিনোদনে উদযাপন

কারা অধিদপ্তর সূত্র জানায়, দুস্থ বন্দিদের জন্য লুঙ্গি, গেঞ্জি ও পাঞ্জাবিসহ নতুন পোশাক সরবরাহ করা হয়েছে। অন্যদিকে, অনেক বন্দি পরিবারের পক্ষ থেকেও ঈদের নতুন পোশাক পেয়েছেন।

ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে আটক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, আমলাসহ আলোচিত বন্দিদের অনেকেই এবার প্রথমবারের মতো সেখানে ঈদ উদযাপন করবেন। যদিও গত বছর তাদের কেউ কেউ কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারেই ঈদ পালন করেছিলেন। এই কারাগারে বর্তমানে ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট মামলায় আটক সাবেক মন্ত্রী-এমপি, সচিব ও পুলিশ কর্মকর্তাসহ মোট ১২৩ জন বন্দি রয়েছেন।

একই কারাগারে অবস্থান করলেও সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে পৃথক কক্ষে রাখা হয়েছে। তিনি ঈদের জামাতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে তাকে জামাতে অংশগ্রহণের সুযোগ দেওয়া হতে পারে।

কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-উন্নয়ন ও গণমাধ্যম) মো. জান্নাত-উল-ফরহাদ বলেন, ঈদ উপলক্ষে বিভিন্ন কারাগারে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুটবল খেলা ও অন্যান্য বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ঈদের দিনসহ তিন দিনের মধ্যে একদিন বন্দিরা স্বজনদের সঙ্গে তিন মিনিট মোবাইলে বিনামূল্যে কথা বলার সুযোগ পাবেন। একই সময়ের মধ্যে একদিন স্বজনরা কারাগারে গিয়ে বাসা থেকে রান্না করা খাবার দিতে পারবেন। নিয়ম অনুযায়ী সরাসরি সাক্ষাতের সুযোগও থাকবে।

ঈদ উপলক্ষে সব কারাগারে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কারা গোয়েন্দাদের নজরদারি বাড়ানো হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুটি ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কেরানীগঞ্জের বিশেষ কারাগারেও একটি জামাত হবে, যেখানে সংশ্লিষ্ট বন্দিরা একসঙ্গে নামাজ আদায় করবেন। কারা সূত্র বলছে, একই বাউন্ডারির ভেতরে পৃথক ওয়ার্ডে থাকা এসব বন্দির একত্র হওয়া সাধারণত সম্ভব হয় না; ঈদের জামাতই এমন বিরল সুযোগ তৈরি করে।

কারা অধিদপ্তরের মহাপরিদর্শক (আইজি প্রিজনস) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন জানান, দেশের সব কারাগারেই ঈদের জামাত, উন্নতমানের খাবার এবং বিনোদনের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দিন সকালে তিনি কারাগার পরিদর্শনে গিয়ে বন্দিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলেও জানান।

তবে বিশেষ কারাগারে বিনোদনের আয়োজন তুলনামূলক সীমিত। সেখানে সশ্রম দণ্ডপ্রাপ্ত কয়েদিদের অংশগ্রহণে একটি ফুটবল খেলার আয়োজন হতে পারে, যা অন্য বন্দিরা উপভোগ করবেন।

কারা সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিশেষ কারাগারের বন্দিরা সাধারণত পৃথক ওয়ার্ডে অবস্থান করায় একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ পান না। তবে ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য তারা একত্রিত হওয়ার সুযোগ পাবেন, যা কারাগারের বাস্তবতায় একটি ব্যতিক্রমী ঘটনা।

আওয়ামী লীগ সরকারের আলোচিত রাজনৈতিক নেতা, মন্ত্রী-এমপি ও সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের মধ্যে উল্লেখযোগ্য যারা রয়েছেন, তারা হলেন—সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা কামাল আবদুল নাসের চৌধুরী।

এ ছাড়া সাবেক মুক্তিযুদ্ধ-বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম, সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, সাবেক দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, সাবেক এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, সাবেক এমপি জাহিদ হাসান শামীম, সাবেক এমপি আবুল কালাম আজাদ, সাবেক এমপি মো. শহিদুজ্জামান সরকার, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিবির সাবেক কর্মকর্তা জাবেদ ইকবাল এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

সম্পর্কিত বিষয়

  • ঈদ
  • কারাগার

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন