মূল সংবাদে যান
অপরাধ

আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু, ভার্চুয়ালি যুক্ত চিন্ময় কৃষ্ণ

চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ পর্ব শুরু হয়েছে। অন্য সব আসামিকে কঠোর নিরাপত্তায় সশরীরে আদালতে হাজির করার গেলেও চিন্ময় কৃষ্ণ দাসকে জেলহাজত থেকে অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থায় ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু, ভার্চুয়ালি যুক্ত চিন্ময় কৃষ্ণ

সোমবার (২ ফেব্রুয়ারী) বেলা ১১টার দিকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ আনুষ্ঠানিকভাবে শুরু হয়, যা বিচারিক প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

জানা যায়, শুনানির দিন কারাগারে থাকা আলোচিত আসামি চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়া অন্য সব আসামিকে কঠোর নিরাপত্তায় সশরীরে আদালতে হাজির করা হয়। নিরাপত্তার কারণে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলহাজত থেকে অডিও-ভিজ্যুয়াল ব্যবস্থায় ভার্চুয়ালি আদালতের কার্যক্রমে যুক্ত করা হয়। এজলাসে স্থাপিত এলইডি মনিটর ও অডিও সিস্টেমের মাধ্যমে তার উপস্থিতি নিশ্চিত করা হয়।

মামলার প্রথম সাক্ষী হিসেবে নিহত আইনজীবীর বাবা ও মামলার বাদী জামাল উদ্দিন আদালতে উপস্থিত হয়ে তার জবানবন্দি দেন। তার সাক্ষ্য প্রদানের মধ্য দিয়েই মামলার সাক্ষ্য গ্রহণ পর্বের সূচনা হয়। তবে জবানবন্দি শেষে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী তাকে জেরা করার জন্য আদালতের কাছে সময়ের আবেদন জানান। আদালত সেই আবেদন মঞ্জুর করে পরবর্তী দিন সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, 'দেশের মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ হওয়ার অপেক্ষায় আছে। আজ বাদীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার প্রক্রিয়া কার্যত শুরু হয়েছে। তবে আসামিপক্ষ সময়ের আবেদন করে বিচার বিলম্বিত করার চেষ্টা করছে বলে তিনি মন্তব্য করেন।'

উল্লেখ্য, মামলার তদন্তকারী কর্মকর্তা চার্জশিটে উল্লেখ করা প্রায় ৫০ জন সাক্ষীকে আদালতে হাজির করতে সমন জারির আবেদন করেছেন। এসব সাক্ষীর মধ্যে রয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শী, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেট, ময়নাতদন্তকারী চিকিৎসক, আলামত জব্দ ও প্রেরণকারী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সম্পর্কিত বিষয়

  • চিন্ময় কৃষ্ণ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন