মূল সংবাদে যান
অপরাধ

পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভার ১৮ মাইক গায়েব

চট্টগ্রামে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভাকে ঘিরে বন্দরনগরীতে ছিল নজিরবিহীন নিরাপত্তা। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি ড্রোন উড্ডয়নও নিষিদ্ধ ছিল।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
পলোগ্রাউন্ডে তারেক রহমানের জনসভার ১৮ মাইক গায়েব

অথচ এই কঠোর নিরাপত্তার বলয় ভেদ করে সমাবেশস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক এবং পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ জানুয়ারী) সকালে চুরির বিষয়টি নজরে আসার পর কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাউন্ড সিস্টেম ব্যবসায়ী।

‘ঢাকা রাজ সাউন্ড সিস্টেম’-এর স্বত্বাধিকারী চুরির অভিযোগকারী আবদুর রাজ্জাক জানান, মহাসমাবেশ উপলক্ষে তারা পুরো এলাকায় প্রায় ২০০ মাইক লাগিয়েছিলেন। শনিবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সর্বশেষ লাইন চেক করে কর্মীরা চলে যান। মাইকের নিরাপত্তায় রাস্তায় তার দুজন লোক টহলেও ছিলেন। সকালে পুনরায় সাউন্ড চেক করার সময় চুরির বিষয়টি ধরা পড়ে। দেখা যায়, সমাবেশস্থলের গেটের বাইরের সড়কে বৈদ্যুতিক খুঁটির ১৫ থেকে ১৬ ফুট উঁচুতে লাগানো ১৮টি মাইকের ইউনিট ও ৫ কয়েল তার নেই। পরে বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

জনসভাকে কেন্দ্র করে সিএমপির পক্ষ থেকে অস্ত্র, বিস্ফোরক, লাঠি ও দাহ্য পদার্থ বহন নিষিদ্ধ করা হয়েছিল। শনিবার রাত থেকেই সমাবেশস্থলের আশপাশের রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। এত কড়াকড়ির মধ্যে ১৫-১৬ ফুট উঁচুতে উঠে কীভাবে মাইক চুরি হলো, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

সিএমপি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, আমি তারেক সাহেবের প্রটোকলে ছিলাম। মাইক চুরির বিষয়টি আমার জানা নেই।

উল্লেখ্য, লন্ডন থেকে ফেরার পর প্রথমবারের মতো শনিবার রাত ৮টায় চট্টগ্রামে পৌঁছান তারেক রহমান। গতকাল রবিবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে তিনি পলোগ্রাউন্ডের সমাবেশস্থলে উপস্থিত হয়ে নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মঞ্চে ওঠেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন