রাজু ভোলা জেলার লালমোহন উপজেলার ইসলামপুর গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। তিনি বর্তমানে নগরীর হালিশহর থানার ঈদগাঁও এলাকায় বসবাস করেন।
ওবিবার (১২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে পাঁচলাইশ থানার বন গবেষণাগার স্কুলের সামনে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে ডিবি উত্তর ও দক্ষিণ বিভাগের যৌথ টিম। অভিযানে নেতৃত্ব দেন মহানগর ডিবির এসআই ফজলে রাব্বী কায়সার।
ডিবি সূত্র জানায়, রাজু পুরাতন চান্দগাঁও এলাকার হাজেরা তজু কলেজের সামনে থেকে যাত্রীবাহী সিএনজিযোগে বন গবেষণাগার এলাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি সেখানে অস্থায়ী চেকপোস্ট বসায়। সিএনজি থামানোর পর রাজু পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে ধরে ফেলে। এসময় তল্লাশিতে রাজুর কোমরে গোঁজা অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া তার কাছ থেকে পাওয়া দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এর আগে ডিবির এই চৌকস কর্মকর্তা এসআই ফজলে রাব্বী কায়সার সিএমপি বাকলিয়া থানার একটি ক্লুলেস হত্যা মামলায় (নং-৩৬(৭)২৫) অজ্ঞাত আসামি মো. সুমনকে সনাক্ত করে গ্রেপ্তার করেন। অভিযানে ভিকটিম মহিউদ্দিনকে গুলি করার ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও তিন রাউন্ড কার্তুজও উদ্ধার করা হয়।
তারও আগে, গত ২৭ আগস্ট ইপিজেড থানার লুণ্ঠিত একটি নাইন এমএম পিস্তল ও আট রাউন্ড গুলিসহ আসামি এনএইচ মহিউদ্দিনকে আটক করেন তিনি। পরে তাকে নিয়ে বাগেরহাটের মোংলা থানার মালগাজী এলাকায় অভিযান চালিয়ে কামাল নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয় এবং লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে রাজু জানায়, ২০২৩ সালের শেষের দিকে জনৈক আসিফ নামে এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রটি কিনে নিজ দখলে রাখেন। ওই অস্ত্র দেখিয়ে চট্টগ্রাম শহরের বহদ্দারহাট, পুরাতন চান্দগাঁও, শুলকবহর এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতেন বলেও স্বীকার করেন তিনি। এ ঘটনায় পাঁচলাইশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
চট্টগ্রাম মহানগর ডিবি উত্তরের উপ পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বন গবেষণা ইনস্টিটিউট রোডের ফরেস্ট রেলওয়ে গেট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এক পর্যায়ে যাত্রীবাহী সিএনজি অটোরিকশা (চট্টমেট্রো-থ-১২-৬০০১) থামিয়ে তল্লাশি চালানো হয়। গ্রেপ্তারকৃত রাজুর বিরুদ্ধে পাঁচলাইশ থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
