রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমান এ আদেশ দেন। এর আগে গত ১৮ সেপ্টেম্বর আদালতে দুদক এ বিষয়ে আবেদন করে।
দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোকাররম হোসাইন জানান, আসামিদের বিরুদ্ধে চলমান মামলার প্রেক্ষিতেই ইন্টারপোল রেড নোটিশের আবেদন আদালত মঞ্জুর করেছেন।
এর আগে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে কর্ণফুলীতে তার স্ত্রীর গাড়িচালক মো. ইলিয়াস তালুকদারের বাড়ি থেকে ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক। ওইসব নথি থেকে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ক্যাম্বোডিয়ায় সম্পদ কেনার নতুন তথ্য পাওয়া গেছে। এর আগে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে তার ৫৮২টি বাড়ি ও ফ্ল্যাটের প্রমাণ পেয়েছিল দুদক।
দুদকের উপপরিচালক মশিউর রহমান জানিয়েছেন, নতুন উদ্ধার হওয়া নথিতে বাড়ি কেনার দলিল, ট্যাক্সের কাগজ, ভাড়া ভাউচারসহ বিপুল তথ্য পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এগুলোতে কয়েক হাজার কোটি টাকার সম্পদের প্রমাণ রয়েছে, যা ট্যাক্স ফাইলে দেখানো হয়নি।
সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ পাচার ও বিদেশে সম্পদ অর্জনের অভিযোগ ছাড়াও ১২৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ছয়টি মামলা চলছে। গত বছরের ৭ অক্টোবর আদালতের নির্দেশে তার ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
