মূল সংবাদে যান
অপরাধ

মিয়ানমার জলসীমা থেকে ২৯ বাংলাদেশিসহ উদ্ধার ১২২ জেলে

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে আইন অমান্য করে মিয়ানমার জলসীমায় প্রবেশকারী ১৯টি ট্রলারসহ ১২২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
মিয়ানমার জলসীমা থেকে ২৯ বাংলাদেশিসহ উদ্ধার ১২২ জেলে

এরমধ্যে ২৯ জন বাংলাদেশি এবং ৯৩ জন রোহিঙ্গা রয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া থেকে শাহপরীর দ্বীপ মোহনা সংলগ্ন নাফ নদীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতময় পরিস্থিতিতে বাংলাদেশ সংলগ্ন পুরো সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ এখন দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে। এতে নাফ নদীর জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে মিয়ানমার অভ্যন্তরে ঢুকে বাংলাদেশি জেলেদের আরাকান আর্মি প্রতিনিয়ত ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে।

আন্তর্জাতিক আইন অমান্যকারী এসব জেলেদের ফেরত আনতে কোস্টগার্ডসহ সীমান্তে নিরাপত্তা প্রদানকারী সংস্থাগুলোকে নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এতে সীমান্তে রোহিঙ্গা অনুপ্রবেশ, মাদকপাচার, অস্ত্রপাচার ও চোরাচালান রোধসহ নিরাপত্তা নিশ্চিতে নানাভাবে বেগ পেতে হচ্ছে।’

সিয়াম-উল-হক আরও জানান, এসব জেলেদের ফেরত না আনলে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। ফেরত আনা এসব জেলে এখন কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশনে রয়েছে। ফেরত আনা জেলে ও ট্রলার মালিকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সম্পর্কিত বিষয়

  • মিয়ানমার
  • কোস্টগার্ড

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন