নিহত জায়েদা আক্তার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর চাপলী গ্রামের বাসিন্দা। তিনি মো. জাহিদুল ও মোছাম্মদ রহিমা আক্তারের মেয়ে। কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। নিহত জায়েদা টেকনিক্যাল এপারেলস লিমিটেডের সুইং বিভাগের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। বুধবার (২০ আগস্ট) সকাল ৮টার দিকে ইপিজেডের ১ নম্বর রোডে ইউনিভার্সেল কারখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
ইপিজেড থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম জানান, ‘পাঠাও’ মোটরসাইকেলে চড়ে যাওয়ার সময় যানজটের মধ্যে দুই গাড়ির মাঝখানে চাপা পড়ে মোটরসাইকেলটি। এতে পিছনের সিটে থাকা জায়েদা ছিটকে পড়ে গেলে পিছন থেকে আসা ট্রাকের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ স্বজনদের হাতে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ইপিজেড থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সকালে মোটর সাইকেলযোগে কারখানায় যাচ্ছিলেন জায়েদা আক্তার। পথিমধ্যে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত স্বজনের খোঁজ পাওয়া যায় নি। এ ঘটনায় ২ টিগাড়ি আটক করা হয়েছে।
