এসময় ছিনতাই হওয়া অটোরিকশাও উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) ভোররাতে এ ঘটনায় গ্রেপ্তারকৃরা হলো- মো. ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব (২০), মো. সাইফুদ্দীন ওরফে সাবু (২৮) ও নোয়েল ডায়েস (২৪) বলে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।
ওসি জানান, সোমবার ভোররাতে সিএনজি অটোরিকশার চালক মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া নেয়ার সময় কিছু লোক যাত্রীবেশে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা, নগদ ১০ হাজার টাকা ও তার মোবাইলটি ছিনতাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ দুই ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে পাথারঘাটা এলাকার গঙ্গাবাড়ি আবাসিক এলাকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া সিএনজি অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
পরে প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, সিএনজি (রেজি. নং—চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮) চালক এক যাত্রীকে নিয়ে বংশাল রোডের মুখ থেকে রওনা হওয়ার পরপরই যাত্রীবেশী ছিনতাইকারী ও তার সহযোগীরা অতর্কিতে হামলা চালায়। তারা চালককে ধারালো ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে এবং জীবননাশের ভয় দেখিয়ে তার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, ১০ হাজার টাকা এবং সিএনজি গাড়িটি ছিনিয়ে নেয়। সংবাদ পেয়ে টিম কোতোয়ালী দ্রুত অভিযান চালায়।
এ সময় তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয় এবং তাদের হেফাজত থেকে ছিনতাইকৃত সিএনজি গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে। বাকি আসামিদেরও আইনের আওতায় আনা হবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদার করা হবে।
