এখনো সব অস্ত্র উদ্ধার হয়নি, তবে নির্বাচনের আগেই পুরোপুরি উদ্ধার কাজ সম্পন্ন হবে। শনিবার নারায়ণগঞ্জের র্্যাব-১১ সদর দপ্তর এবং পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ কাজে রাজনৈতিক দলগুলোকেও মূল ভূমিকা রাখতে হবে। সবাই মিলে নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করতে হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে লুট হওয়া অস্ত্রসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। যাতে নির্বাচনের আগে এই অস্ত্র ব্যবহার করে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে।
ছিনতাই মামলায় অগ্রগতি হচ্ছে জানিয়ে উপদেষ্টা জানান, সম্প্রতি মোহাম্মদপুরে আলোচিত ছিনতাইয়ের ঘটনায় চারজনকে শনাক্ত করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, ফোনও উদ্ধার হয়েছে। তদন্ত টিমের কাজ চলমান। কেউ দোষী প্রমাণিত হলে ছাড় নেই। তদন্তে অবহেলা করলেও ব্যবস্থা নেওয়া হবে।
গত এক মাসে ভারত থেকে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি নাগরিককে পুশইন করা হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, “বাংলাদেশি নাগরিকদের নিতে হবে—তা ১০ কিংবা ২০ বছর পর হলেও। ভারত সরকার নিয়ম মেনে নাগরিক পাঠানোর পরিবর্তে অনেক সময় নদীর পাড়ে ও জঙ্গলে ফেলে যাচ্ছে। এটি আন্তর্জাতিক রীতিনীতির লঙ্ঘন। প্রতিবাদ জানানো হয়েছে, তাতে কিছুটা কাজও হচ্ছে। তবে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশের চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট করেন তিনি।
জুলাইয়ের সহিংসতা নিয়ে দায়ের করা মামলাগুলোর বিষয়ে উপদেষ্টা বলেন, তদন্ত অনেক দূর এগিয়েছে। তবে উদ্দেশ্যমূলকভাবে অনেককে আসামি করায় কিছুটা বিলম্ব হচ্ছে। নিরপরাধ কেউ হয়রানির শিকার হোক, তা আমরা চাই না।
স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, আর আমাদের দায়িত্ব নিরাপত্তা নিশ্চিত করা। সাংবাদিকরা সত্যটা তুলে ধরলে বিভ্রান্তি কমবে। এ সময় তার সঙ্গে ছিলেন- র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার।
