মূল সংবাদে যান
অপরাধ

চট্টগ্রামে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ২০

চট্টগ্রামে এক ছাত্রকে থানায় নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। দফায়-দফায় সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রামে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, আহত ২০

এদের মধ্যে ৩ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিন গুলিবিদ্ধের মধ্যে দুইজন হলেন, ছাত্রশিবিরের জাবেরুল ইসলাম ও আতিক। গত সোমবার (২১ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের সঙ্গে চকবাজার থানার সামনেও পাল্টাপাল্টি ধাওয়া হয়।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ছাত্রদল বলেছে, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিতে ছাত্রশিবির ও জামায়াতে ইসলামীর নেতারা ছাত্রদলের নেতাদের ওপর হামলা করেছেন। অন্যদিকে ছাত্রশিবির এক বার্তায় বলেছে, এক জুলাই যোদ্ধাকে থানায় দিয়েছিল ছাত্রদল। এর প্রতিবাদ করলে ছাত্রদল ও যুবদলের নেতাুকর্মীরা মিলে শিবির, শিক্ষার্থী ও পুলিশের ওপর হামলা করেছেন।

চট্টগ্রাম নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমেদ বলেন, মহসিন কলেজ ছাত্রলীগের এক নেতা আগে ছাত্রদলের এক কর্মীকে মারধর করেছিলেন। সোমবার তাঁকে দেখতে পেয়ে ছাত্রদলের কর্মীরা ধরে চকবাজার থানা পুলিশের কাছে তুলে দেন। কিন্তু শিবির তাঁকে ছাড়িয়ে নিতে থানায় যায়। খবর পেয়ে ছাত্রদলের কর্মীরা সেখানে গেলে তাঁদেরকে শিবিরের কর্মীরা মারধর করেন।

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরের (উত্তর) প্রচার সম্পাদক সিরাজী মানিক বলেন, একজন আহত জুলাই যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে থানায় দিয়েছে ছাত্রদল। এর প্রতিবাদে ছাত্রশিবিরের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা থানায় গেলে সেখানে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা শিক্ষার্থী, শিবিরের নেতা-কর্মী ও পুলিশের ওপর হামলা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নগরের চানমারী সড়কে চকবাজার থানার সামনে পরিস্থিতি থমথমে। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য দেখা যাচ্ছে। আশপাশের কিছু সড়কে ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। আবার কিছু সড়কে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন। এর আগে থানায় হট্টগোলের সময় পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়ে সবাইকে ছত্রভঙ্গ করে দেয়। এসময় গোলাগুলির শব্দও শোনা যায়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহেদুল কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • ছাত্রশিবির
  • ছাত্রদল
  • চকবাজার
  • জামায়াতে ইসলামী

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন