মৃত শ্রমিক ফখরুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম নিশ্চিত করেন। এর আগে, গত শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন রঙ্গম কনভেনশন হলে এ দুর্ঘটনা ঘটে।
ওসি আব্দুল করিম জানান, গত শুক্রবার দুপুরে একটি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় পড়ে গিয়ে তিন জন শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় মৃত তিন শ্রমিকের পক্ষ থেকে ফখরুল ইসলামের বাবা মো. সেলিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলাটির তদন্ত শেষ হলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
রঙ্গম কনভেনশন ভবনের শ্রমিক মো. নুরুল আলম বলেন, রঙ্গম কনভেনশন হল ভবনটি ১১ তলার। ওই তিন জন ৯ তলায় কাজ করছিলেন। হঠাৎ তিন জনই একসঙ্গে নিচে পড়ে যান। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পর দুই জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আরেকজন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত শ্রমিকরা হলেন- নোয়াখালীর চরজব্বার এলাকার ফিরোজ গোয়ালের ছেলে মো. হাসান, একই জেলার সেলিমের ছেলে ফখরুল ইসলাম এবং আবুল কালামের ছেলে রাশেদ।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, গত শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর তিন জনকে হাসপাতালে আনা হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাশেদ পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
