ভারতের রেল মন্ত্রণালয়ের অধীন সংস্থা রাইটস এবং বাংলাদেশ রেলওয়ে-এর মধ্যে স্বাক্ষরিত প্রায় ৯১৫ কোটি টাকার চুক্তির আওতায় কোচগুলো সরবরাহ করা হবে। কোচগুলো তৈরি হচ্ছে পাঞ্জাবের কাপুরথলার রেল কোচ ফ্যাক্টরিতে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম চালানের কোচ হস্তান্তরের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই থেকেই কোচ রপ্তানি কার্যক্রম শুরু হবে। বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই হবে ভারতের পক্ষ থেকে প্রথম বড় রেল কোচ সরবরাহ।
রাইটস ও বাংলাদেশ রেলওয়ের মধ্যে হওয়া বৃহত্তর চুক্তি অনুযায়ী মোট ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করবে ভারত। ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে রাইটস এ প্রকল্পের কার্যাদেশ লাভ করে। প্রকল্পটির অর্থায়ন করছে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক।
তবে বাংলাদেশে সরকার পরিবর্তনের পর প্রশাসনিক প্রক্রিয়াগত কারণে প্রকল্পটির অগ্রগতি কিছুটা ধীর হয়ে পড়ে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরবরাহ কার্যক্রম আবারও গতি পেয়েছে। প্রথম রেক প্রস্তুত হওয়ার পর পর্যায়ক্রমে বাকি কোচগুলোও বাংলাদেশে পাঠানো হবে।
সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের অন্যতম প্রধান রেল সরঞ্জাম সরবরাহকারী হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে ভারত। এর আগে ভারত বাংলাদেশকে ১২০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ, ৩৬টি ব্রডগেজ লোকোমোটিভ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ সরবরাহ করেছে।
নতুন চুক্তির আওতায় শুধু কোচ সরবরাহ নয়, নকশা-সংক্রান্ত কারিগরি সহায়তা, খুচরা যন্ত্রাংশ সরবরাহ, রেলওয়ের কর্মীদের প্রশিক্ষণ এবং কমিশনিং সেবাও প্রদান করা হবে। প্রকল্পে ৩৬ মাসের সরবরাহ ও কমিশনিং পর্বের পাশাপাশি অতিরিক্ত ২৪ মাসের ওয়ারেন্টি সুবিধাও অন্তর্ভুক্ত রয়েছে।
রেলওয়ের সংশ্লিষ্টরা বলছেন, নতুন কোচগুলো বহরে যুক্ত হলে যাত্রীসেবার মানোন্নয়ন, ট্রেন পরিচালনার সক্ষমতা বৃদ্ধি এবং ক্রমবর্ধমান যাত্রীচাহিদা মোকাবিলায় বাংলাদেশ রেলওয়ে উল্লেখযোগ্য সুবিধা পাবে।
