মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

‘ড্রোন-নির্মাতা’ আশিরের পাশে তারেক রহমান

চট্টগ্রামের বাঁশখালীর এক প্রত্যন্ত গ্রামের সন্তান মোহাম্মদ আশির উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে ড্রোন তৈরি করে দেশজুড়ে সাড়া ফেলেছেন।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
‘ড্রোন-নির্মাতা’ আশিরের পাশে তারেক রহমান

চট্টগ্রামের বাঁশখালীর এক প্রত্যন্ত গ্রামের সন্তান মোহাম্মদ আশির উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে ড্রোন তৈরি করে দেশজুড়ে সাড়া ফেলেছেন। তরুণ বয়সে স্বপ্ন দেখেন অনেকেই, বাস্তবে পরিণত করাটাই আসল বিষয়। কিন্তু গ্রামের ছোট একটি ‘ল্যাবে’ বসে স্বপ্নের পরশে সম্ভাবনার নতুন দিগন্তে ডানা মেলেছে এই তরুণ। তাঁর ডানা মেলার সুযোগ করে দিতে পাশে দাঁড়িয়েছে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এই মেধাবী তরুণের প্রতি বাড়িয়ে দিয়েছেন সহযোগিতার হাত।

সোমবার (১৬ জুন) দুপুরে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের লুসাইপাড়া গ্রামে মোহাম্মদ আশির উদ্দিনের বাড়িতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রতিনিধি দলটি আশিরের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেন এবং তার সঙ্গে কথা বলেন। এ সময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আশিরের জন্য শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

পরে রুহুল কবির রিজভী কারিগরি সহায়তার অংশ হিসেবে তারেক রহমানের পক্ষ থেকে মোহাম্মদ আশির উদ্দিনের হাতে আর্থিক অনুদান তুলে দেন। একই সঙ্গে, ভবিষ্যতে তার দক্ষতা বৃদ্ধি এবং গবেষণার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখারও ঘোষণা দেন তিনি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কত প্রতিভাবান ক্ষুদে বিজ্ঞানীর জন্ম হচ্ছে, কিন্তু পৃষ্ঠপোষকতার অভাবে এরা অঙ্কুরেই ঝরে যায়। প্রত্যন্ত অঞ্চলের ছেলে আশির উদ্দিন ড্রোন আবিষ্কার করেছে। বিশ্বে নানা দিক থেকে এই ড্রোনের কদর রয়েছে। আশিরের এই আবিষ্কার গোটা জাতিকে অনুপ্রাণিত করেছে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এতোটাই অনুপ্রাণিত ও মুগ্ধ হয়েছেন যে, আমরা আজকে ‘বিএনপি পরিবার’ এই প্রত্যন্ত এলাকায় এসেছি।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই প্রতিভাগুলোকে মূল্যায়ন করার জন্য সারাদেশে নানাভাবে যোগাযোগ রাখেন ও খোঁজখবর নেন; কেউ বিজ্ঞানের ক্ষেত্রে, কেউ প্রকৌশলের ক্ষেত্রে, কেউ সংগীতে, কেউবা শিল্পে আবার কেউ সাহিত্যে প্রতিভার স্বাক্ষর রাখলে তিনি তাদের পাশে দাঁড়ান। আজকে আমরা প্রত্যন্ত এলাকার একটি প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার জন্য এসেছি। এই প্রতিভা যেন অঙ্কুরে ঝরে না যায়, এই প্রতিভা যেন বিকশিত হয়, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারাটাই হলো আমাদের প্রত্যাশা। আশির উদ্দিনরা যেন ঝরে না যায়, এটাই হচ্ছে তারেক রহমানের মূল লক্ষ্য। তার গবেষণার জন্য, পড়ালেখার জন্য ভবিষ্যতে যা যা করতে হয়, তা আমাদের দলের পক্ষ থেকে করা হবে।

এসময় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য জাহিদুল ইসলাম রনি।

মো. আশির উদ্দিন জানান, তিনি ৩০ কিলোমিটার পাল্লার একাধিক ড্রোন সফলভাবে আকাশে উড়িয়েছেন। তার তৈরি ১০ কেজি ওজনের একটি ড্রোনের নির্মাণ খরচ পড়ে ৩ থেকে ৪ লাখ টাকা। তিনি সর্বোচ্চ ২০ কেজি ওজনের ড্রোনও তৈরি করেছেন, যার বিক্রয়মূল্য প্রায় ৬ লাখ টাকা। ছয়জনের একটি দল নিয়ে একটি ড্রোন তৈরিতে ১০ থেকে ১৫ দিন সময় লাগে। ২০১৫ সালে এসএসসি এবং ২০১৮ সালে এইচএসসি পাস করার পর থেকেই স্বপ্ন ছিল আকাশে উড়ার প্রযুক্তি নিয়ে কাজ করার। পরিবারের দেওয়া হাত খরচের টাকা জমিয়ে নানা ধরনের ইলেকট্রনিক সরঞ্জাম কিনে তিনি স্বপ্ন বুনতে শুরু করি।

২০১৬ সালে প্রথম বিমান তৈরি করে আকাশে উড়িয়ে বন্ধুদের এবং এলাকাবাসীকে চমকে দেই। তাদের উৎসাহেই তিনি ড্রোন তৈরির মতো জটিল ও ব্যয়বহুল কাজে হাত দেই এবং একের পর এক সাফল্য অর্জন করি। জানা যায়, চট্টগ্রাম সরকারি পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা সম্পন্ন করা আশির উদ্দিন পুঁইছড়ি ইউনিয়নের ছমদ আলী সিকদার পাড়ার মো. শাহাব উদ্দিনের ছেলে।

নিজের বাড়িতেই গড়ে তুলেছেন ‘এয়ারক্রাফ্ট মেনটেইন্যান্স ল্যাব’ নামের ১৫ বর্গফুটের একটি ছোট্ট গবেষণাগার। ২০১৬ সাল থেকে নিজের জমানো হাত খরচের টাকা দিয়ে তিনি বিমানের প্রায় ৬ শতাধিক মডেল তৈরি করে তাক লাগিয়ে দেন। তার এই প্রতিভার জন্য তিনি সামরিক বাহিনী থেকেও সংবর্ধনা ও সম্মাননা পেয়েছেন। এরই মধ্যে তিনি বিভিন্ন মডেলের ১০টি পূর্ণাঙ্গ ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছেন।

সম্পর্কিত বিষয়

  • ড্রোন
  • বাঁশখালী
  • মোহাম্মদ আশির উদ্দিন
  • গবেষণা
  • চট্টগ্রাম বিভাগ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন