মূল সংবাদে যান
রাজনীতি

বিএনপির প্রার্থী বদল চট্টগ্রামের দুই আসনে

বিএনপি চট্টগ্রামের দুই সংসদীয় আসনে প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
বিএনপির প্রার্থী বদল চট্টগ্রামের দুই আসনে

এতে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও চট্টগ্রাম নগরের আংশিক) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-হালিশহর) আসনে প্রয়াত নেতা আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন।

অন্যদিকে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নির্বাচন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গতকাল শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।

এর আগে, শনিবার বেলা ১১টার দিকে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জলিল গেট এলাকায় নিজ বাড়িতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় দলীয় মনোনয়নপত্র তুলে ধরেন মোহাম্মদ আসলাম চৌধুরী। মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সকালে আয়োজিত মতবিনিময় সভায় আসলাম চৌধুরী বলেন, ‘কাজী মোহাম্মদ সালাউদ্দিন ধানের শীষের পক্ষে দীর্ঘদিন ধরে জনমত গঠন করেছেন। তিনি দলের পরীক্ষিত নেতা। তাঁকে সঙ্গে নিয়েই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে জয়ী করে আনতে হবে। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য ইচ্ছে করেই আমি সময় নিয়েছি। আশা করি আজ থেকে আর কোনো সংশয় দ্বিধা রইল না।’

আসলাম চৌধুরী বলেন, দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফসল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করেছেন। আপনাদের এই আস্থা বিশ্বাসের মর্যাদা রাখার আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সেই সাথে আপনাদেরকেও সকল মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।

কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনন্য রাজনৈতিক দর্শন বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধির রাজনীতি বাংলাদেশের মানুষের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি উন্নয়ন অগ্রযাত্রার যে রাজনীতি, তা বাংলাদেশের মানুষের হৃদয়ে অনন্য অবস্থান তৈরী করেছে।

চট্টগ্রাম বিএনপি সূত্র জানায়, চট্টগ্রাম-১০ আসনে পূর্বঘোষিত প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরীর পরিবর্তে সাঈদ আল নোমানকে মনোনয়ন দেওয়ায় খসরু চৌধুরী বন্দর-পতেঙ্গা (চট্টগ্রাম-১১) আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

মাহবুবের রহমান শামীম বলেন, ‘চট্টগ্রামে দুটি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে। চট্টগ্রাম-৪ আসনে মোহাম্মদ আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-১০ আসনে সাঈদ আল নোমানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীই নির্বাচন করবেন।’

উল্লেখ্য, গত ৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রার্থী ঘোষণা করেন। সে সময় চট্টগ্রাম-৪ আসনে কাজী মোহাম্মদ সালাউদ্দিন এবং চট্টগ্রাম-১০ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নাম ঘোষণা করা হয়েছিল।

সম্পর্কিত বিষয়

  • বিএনপি
  • চট্টগ্রাম

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন