মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

প্রধানমন্ত্রী অনুদান দিলেন চসিকের পরিচ্ছন্ন কর্মীদের

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সোয়া তিন হাজার পরিচ্ছন্নতা কর্মীর জন্য ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
প্রধানমন্ত্রী অনুদান দিলেন চসিকের পরিচ্ছন্ন কর্মীদের

রবিবার (১৫ মার্চ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নিজ কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে জানানো হয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কর্মরত ৩ হাজার ২৭০ জন পরিচ্ছন্নতা কর্মীর মধ্যে এই অর্থ বণ্টন করা হবে। প্রত্যেক পরিচ্ছন্ন কর্মী ঈদ উপলক্ষে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১২টি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্যও একইভাবে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার ঘোষণা করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নগরীর পরিচ্ছন্নতা রক্ষায় পরিচ্ছন্ন কর্মীরা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তাদের জন্য এই আর্থিক সহায়তা উৎসাহ ও প্রেরণা জোগাবে।

সম্পর্কিত বিষয়

  • প্রধানমন্ত্রী
  • চসিক

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন