চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে গতকাল রবিবার তাকে এ নিয়োগ দেওয়া হয়।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অভীক ওসমান একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দারের স্থলাভিষিক্ত হয়েছেন।
২০০৭ সালে নগরীর কেসি দে রোডে থিয়েটার ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে চট্টগ্রাম সিটি করপোরেশন। টিআইসিতে মঞ্চনাটক, সংগীতানুষ্ঠান, সভা, সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে তীর্যক নাট্যদলের প্রধান আহমেদ ইকবাল হায়দার অস্থায়ী নিয়োগে পরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন। ১৮ বছর তিনি দায়িত্ব পালন করেছেন। এক অফিস আদেশে তাকে অব্যাহতি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
পরিচালক হিসেবে নিয়োগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অভীক ওসমান বলেন, ‘দীর্ঘদিন ধরে নাট্যচর্চায় যুক্ত আছি। এই পদে থেকে সুস্থ সংস্কৃতির বিকাশে কাজ করে যাবো। একই সঙ্গে মেয়র মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী টিআইসিকে আয়বর্ধক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে কাজ করবো।’
টিআইসির পরিচালকের পদ থেকে অব্যাহতি বিষয়টি নিশ্চিত করে নাট্যজন আহমেদ ইকবাল হায়দার বলেন, নাটকের প্রয়োজনেই থিয়েটার ইনস্টিটিউট গড়ে তোলার সঙ্গে যুক্ত ছিলাম। সিটি করপোরেশন প্রতিষ্ঠার সময় থেকে পরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল। নিয়োগের শর্ত অনুযায়ী সিটি করপোরেশন যেকোনো মুহূর্তে চুক্তি বাতিল করতে পারে। সে অনুযায়ী অভীক ওসমানকে পাঁচ শর্তে টিআইসির পরিচালক হিসেবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।
