স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনে পাঁচ বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। কাল ১৫ মার্চ তাঁরা দায়িত্ব নেবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনে বিলকিস আক্তার জাহান শিরীনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে রুকুনোজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনে মো. ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন।
বিলকিস আক্তার জাহান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ), মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব, মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্যসচিব ও মো. ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রশাসকেরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তাঁরা মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।
