মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

লিভ টু আপিল খারিজ, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি কোম্পানিকে ব্যবস্থাপনা দেওয়ার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এ সংক্রান্ত চুক্তি করার প্রক্রিয়া বৈধ বলেই বহাল থাকল।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
লিভ টু আপিল খারিজ, নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়া বৈধ

বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ রুল খারিজ করে রায় দেন। সেই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করা হয়েছিল।

এর আগে গত বছরের ২৫ নভেম্বর এ বিষয়ে শুনানি শেষে রায়ের জন্য ৪ ডিসেম্বর দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। পরে ওইদিন রুলের ওপর দ্বিধাবিভক্ত রায় দেন আদালত। বিচারপতি ফাতেমা নজীব প্রক্রিয়াটি অবৈধ ঘোষণা করলেও বিচারপতি ফাতেমা আনোয়ার রুল খারিজ করেন। ফলে বিষয়টি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরবর্তীতে তিনি মামলাটি বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান রিট আবেদন করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন।

রুলে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আইন লঙ্ঘন করে দেশীয় অপারেটরদের অনুমতি না দিয়ে বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার আগে আইন অনুযায়ী ন্যায্য ও প্রতিযোগিতামূলক দরপত্র আহ্বানের নির্দেশ কেন দেওয়া হবে না—তাও জানতে চাওয়া হয়।

রুলে নৌসচিব, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিবাদীদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল।

এদিকে গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় দুবাইভিত্তিক একটি বিদেশি কোম্পানিকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে এনসিটির ব্যবস্থাপনা দেওয়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের সময় আবারও গতি পেয়েছে। বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে আলোচনা ও সমালোচনা চলছে।

সম্পর্কিত বিষয়

  • এনসিটি
  • লিভ টু আপিল খারিজ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন