মূল সংবাদে যান
রাজনীতি

সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে, শহীদদের লাশ ফেরত দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে সরকার ত্রয়োদশ জাতীয় নির্বাচন দিলে, সংস্কারের দাবিতে প্রাণ হারানো শহীদদের লাশ ফেরত দিতে হবে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দিলে, শহীদদের লাশ ফেরত দিতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে রাজধানীর ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘জাতীয় যুব সম্মেলন ২০২৫’-এ তিনি এ মন্তব্য করেন। আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এনসিপির যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ এ আয়োজন করে।

নাসীরুদ্দীন বলেন, "যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়ের রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, শহীদ হয়েছিল, তাহলে কবরে গিয়ে তাদের লাশ সরকারকে ফেরত দিতে হবে। যে ভাইয়ের হাতটা চলে গিয়েছিল, যদি সংস্কার শেষ না করে নির্বাচন হয়, সরকারকে সেই হাতটা ফেরত দিতে হবে। যে মায়ের বুক খালি হয়েছিল, সেই মায়ের সন্তানকে ফেরত দিতে হবে।"

রাষ্ট্র সংস্কার ও অভ্যুত্থানের সময়কার ঘটনার বিচার দাবি করে তিনি প্রশ্ন তোলেন, "একই ফ্যাসিবাদী সংবিধান, একই সিস্টেমে যদি নির্বাচন হয়, তাহলে এতগুলো মানুষ শহীদ ও আহত হওয়ার প্রয়োজন কী ছিল?"

গণমাধ্যমের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, আগে গণমাধ্যম ছিল ‘হাসিনামাধ্যম’। এখন কী মাধ্যম—সেটা বললেই চাকরি চলে যাবে। "গণঅভ্যুত্থানের পরে সম্পাদকদের বলেছিলাম, যা আকাম করেছেন, ঘরে বসে থাকুন। কিন্তু তাদের লজ্জা নেই, তারা বারবার মানুষকে ধোঁকা দিচ্ছে।”

একটি গোয়েন্দা সংস্থা ও ‘আয়নাঘর’ প্রসঙ্গে তিনি বলেন, "ডিজিএফআই মানুষের পকেটের টাকায় চলে, কিন্তু তাদের জবাবদিহিতা নেই। শুধু মানুষকে ভয় দেখানোই তাদের কাজ। আমরা আয়নাঘর ভেঙে দিয়েছি, সামনে একই চেষ্টা হলে ডিজিএফআই হেডকোয়ার্টারও ভেঙে দেব।"

সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

সম্পর্কিত বিষয়

  • এনসিপি
  • নাসীরুদ্দীন
  • ডিজিএফআই

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন