মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম

চট্টগ্রামের পানি সংকট, লাইনে চাপ কম থাকা, বিল নিয়ে অভিযোগ ও নতুন সংযোগ পেতে দীর্ঘসূত্রিতাসহ নানা সমস্যার মধ্যে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পেল চট্টগ্রাম ওয়াসা। প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম

বৃহস্পতিবার (২১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর মাধ্যমে চট্টগ্রামের পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থাপনার শীর্ষ দায়িত্বে এলেন ২৮ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন এই প্রকৌশলী।

কর্মজীবনে সেলিম মো. জানে আলম ১৯৯৬ সালে মালয়েশিয়ার হং লিওং গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আলিতা (বিডি) লিমিটেডে প্রোডাকশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। সেখানে চার বছরের বেশি সময় দায়িত্ব পালনের পর তিনি সেলিম অ্যান্ড অ্যাসোসিয়েটসে কনসালটেন্ট হিসেবে যোগ দেন।

পরবর্তীতে এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্টস লিমিটেড (ইপিইসি)-এ দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। প্রতিষ্ঠানটিতে তিনি প্রথমে নির্বাহী পরিচালক হিসেবে প্রায় এক দশক এবং পরে উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আরও নয় বছরের বেশি সময় কাজ করেন। পানি সরবরাহ, স্যানিটেশন ও অবকাঠামো উন্নয়ন খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

১৯৬৬ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লায় জন্মগ্রহণ করেন সেলিম মো. জানে আলম। তিনি ভারেল্লা শাহ নুরুদ্দীন হাই স্কুল থেকে মাধ্যমিক এবং কুমিল্লা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। পরে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মেকানিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা এবং ১৯৯৫ সালে ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন।

পেশাজীবী সংগঠনেও সক্রিয় ভূমিকা রয়েছে তাঁর। তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের ফেলো এবং অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বর্তমান সভাপতি। এছাড়া বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রামের যুগ্ম আহ্বায়ক ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নিয়োগের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, ওয়াসার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জনবান্ধব পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। একই সঙ্গে পরিচালন ব্যয় কমিয়ে দক্ষতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

তবে চট্টগ্রামবাসীর প্রত্যাশা, দীর্ঘদিনের পানি সংকট, সেবার মান নিয়ে অসন্তোষ ও দুর্নীতির অভিযোগসহ পুরোনো সমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান কতটা দিতে পারে নতুন নেতৃত্ব, সেটিই এখন দেখার বিষয়।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম ওয়াসা
  • এমডি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন