রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম বিজিএমইএ ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী বলেন, চট্টগ্রামের কিছু কারখানা বড় পরিসরে গেলেও অধিকাংশ এখনও ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের। এসব কারখানা উৎপাদনে প্রায় ৬৫ শতাংশ অবদান রেখে দেশের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
নানা প্রতিবন্ধকতার কারণে ছোটখাটো সমস্যার সৃষ্টি হলেও তা বড় করে দেখিয়ে ফায়ার লাইসেন্স নবায়ন বন্ধ রাখা উচিত নয়। এতে অনেক কারখানা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে, যার প্রভাব পড়বে অর্থনীতি ও কর্মসংস্থানে।
তিনি আরও বলেন, বিদেশে ১০ মিটার উচ্চতা পর্যন্ত কারখানায় ফায়ার হাইড্র্যান্ট বাধ্যতামূলক না হলেও দেশে একতলা ভবনেও তা বাধ্যতামূলক করা হয়েছে, যা পুনর্বিবেচনা প্রয়োজন।
এছাড়া ফায়ার সেফটি প্ল্যান ঢাকায় নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে অনুমোদনের পরিবর্তে চট্টগ্রামে বুয়েট বা চুয়েটের প্রকৌশলীদের মাধ্যমে প্রণয়ন ও অনুমোদনের সুযোগ দিলে লাইসেন্স নবায়ন প্রক্রিয়া সহজ হবে।
বিজিএমইএ’র পরিচালক মো. সাইফ উল্যাহ মানসুর বলেন, বন্ধ কারখানা চালু রাখার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে এবং কোনো উদ্যোক্তাকে হয়রানি করা উচিত নয়।
তিনি বলেন, ভবন, অগ্নি ও বিদ্যুৎ—এই তিন ধরনের সেফটি কমপ্লায়েন্স বাধ্যতামূলক হলেও অনেক ক্ষুদ্র ও মাঝারি কারখানা এখনো বিএনবিসি কোড অনুযায়ী প্রস্তুত নয়। বাস্তবতার আলোকে অগ্নিনিরাপত্তা বিবেচনায় রেখে চালু কারখানাগুলোর ফায়ার লাইসেন্স নবায়নের অনুরোধ জানান তিনি।
ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, পোশাকশিল্প কারখানাগুলোকে অগ্নিদুর্ঘটনা থেকে রক্ষায় ফায়ার সার্ভিস নিরলসভাবে কাজ করছে। শিল্প কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে সাধ্যের মধ্যে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ফায়ার লাইসেন্স নবায়নসংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সভায় আরও বক্তব্য দেন বিজিএমইএ’র পরিচালক রাকিবুল আলম চৌধুরী, প্রাক্তন পরিচালক মোহাম্মদ মুসা, ডিজাইন অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ইলিয়াস চৌধুরী, ইউনিভার্সেল সুয়েটার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফাইজুল মতিন, ফ্যাশন অব ওয়ালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওদুদ মোহাম্মদ চৌধুরী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান।
