বৃহস্পতিবার নতুন দর ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হয়েছে।
বিইআরসি জানায়, এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে ১৪৪ টাকা ৪ পয়সা। এই ভিত্তিতে বাজারে বিভিন্ন আকারের সিলিন্ডারের মূল্য নির্ধারিত হবে। সংস্থাটি প্রতি মাসেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এলপিজির দাম সমন্বয় করে।
এর আগে ফেব্রুয়ারির শুরুতে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৩৫৬ টাকা। পরে আমদানি শুল্ক কমানোর পর ২৪ ফেব্রুয়ারি দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকায় নামানো হয়।
তবে নির্ধারিত দামে বাজারে এলপিজি বিক্রি না হওয়ার অভিযোগ রয়েছে। গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারে খুচরা পর্যায়ে ৩০০ থেকে ৪০০ টাকা বেশি নেওয়ার অভিযোগ করছেন ভোক্তারা।
এদিকে সরকারি কোম্পানির সরবরাহ করা সাড়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে যানবাহনে ব্যবহৃত এলপিজি বা অটো গ্যাসের দাম প্রতি লিটার ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা আগে ছিল ৬১ টাকা ৮৩ পয়সা।
উল্লেখ্য, ২০২১ সালের এপ্রিল থেকে বিইআরসি এলপিজির মূল্য নির্ধারণ করে আসছে। আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের সৌদি কার্গো মূল্য (সিপি) এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে প্রতি মাসে দেশে এলপিজির দাম সমন্বয় করা হয়।
