মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম বন্দর সচিব

আন্তর্জাতিক শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোড বাস্তবায়নে ইউএস কোস্টগার্ড ইন্টারন্যাশনাল পোর্ট সিকিউরিটি (আইপিএস) কর্তৃক পরিচালিত সর্বশেষ পরিদর্শনে চট্টগ্রাম বন্দর ‘জিরো অবজারভেশন’ অর্জন করেছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম বন্দর: চট্টগ্রাম বন্দর সচিব

সে হিসেবে চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বমানের স্বীকৃতি অর্জন করেছে বলে জানান চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক।

চট্টগ্রাম বন্দরের সচিব জানান, আইএসপিএস কোড আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) প্রণীত একটি বৈশ্বিক নিরাপত্তা কাঠামো। এর মূল লক্ষ্য জাহাজ ও বন্দর স্থাপনায় সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অনুপ্রবেশ, চোরাচালানসহ বিভিন্ন নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধ করা। এই কোডের কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বন্দর ও জাহাজের নিরাপত্তা নিশ্চিত হয় এবং আন্তর্জাতিক বাণিজ্য নির্বিঘ্ন রাখতে সহায়ক পরিবেশ তৈরি হয়।

দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার হিসেবে চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওমর ফারুক বলেন, এর মাধ্যমে বন্দরের সার্বিক নিরাপত্তা জোরদার হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

বিশ্বের অন্যান্য বন্দরের মতো চট্টগ্রাম বন্দরের আইএসপিএস কোড বাস্তবায়ন কার্যক্রমও আন্তর্জাতিকভাবে নিয়মিত মূল্যায়ন করা হয়। এরই অংশ হিসেবে ইউএস কোস্টগার্ড আইপিএস প্রতিনিধি দলের দুই দিনব্যাপী অফিসিয়াল পরিদর্শন সম্প্রতি সম্পন্ন হয়। পরিদর্শন শেষে প্রেরিত অফিসিয়াল প্রতিবেদনে কোনো ধরনের পর্যবেক্ষণ না থাকায় বিষয়টি চট্টগ্রাম বন্দরের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ও গৌরবময় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

পরিদর্শনকালে প্রতিনিধি দল বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, আইএসপিএস কোড বাস্তবায়নের অগ্রগতি, নিরাপত্তা ব্যবস্থাপনার কার্যকারিতা ও সংশ্লিষ্ট অবকাঠামো পর্যালোচনা করে। সংক্ষিপ্ত বিবৃতিতে বন্দর এলাকায় গৃহীত নিরাপত্তা ব্যবস্থা, প্রশিক্ষিত ও পেশাদার জনবল, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক নিরাপত্তা মানদণ্ড যথাযথভাবে অনুসরণের বিষয়টি ইতিবাচকভাবে তুলে ধরা হয়।

অফিশিয়াল রিপোর্টে ‘জিরো অবজারভেশন’ অর্জন চট্টগ্রাম বন্দরে আইএসপিএস কোডের সফল ও কার্যকর বাস্তবায়নের সুস্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বন্দরের নিরাপত্তা ব্যবস্থার মান ও সক্ষমতা আরও দৃঢ় স্বীকৃতি পেল।

বন্দর সচিব আরও জানান, আধুনিক নিরাপত্তা সরঞ্জাম, সিসিটিভি নজরদারি, অ্যাক্সেস কন্ট্রোল ব্যবস্থা, প্রশিক্ষিত নিরাপত্তা কর্মী এবং আইএসপিএস মনিটরিং সেলের কার্যকর ভূমিকার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতেও আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম বন্দর
  • আইএসপিএস
  • আইএমও

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন