মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

ঘোষণা ছাড়াই বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ব্যবসায়ীরা যে প্রক্রিয়ায় সয়াবিন তেলের দাম সমন্বয় করেছেন, তার কোনো আইনগত ভিত্তি নেই।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
ভোজ্যতেলের দাম বাড়ানোর কোনো আইনগত ভিত্তি নেই: বাণিজ্য উপদেষ্টা

বুধবার (৩ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

সম্প্রতি কোনো পূর্ব ঘোষণা ছাড়াই আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো ভোক্তা পর্যায়ে সয়াবিন তেলের লিটারে ৯ টাকা বাড়িয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করলে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘তেলের দাম বাড়ানোর বিষয়ে সরকার কিছুই জানত না। মাত্র আধা ঘণ্টা আগে আমরা বিষয়টি জেনেছি। কোম্পানিগুলো একত্রে এই কাজটি করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

এখন সরকার কী করবে—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ‘আমরা আলোচনা করে করণীয় ঠিক করব। এ দামের কোনো আইনগত ভিত্তি নেই।’

ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে উপদেষ্টা আরও বলেন, ‘গতকালই টিসিবির জন্য সয়াবিন ও রাইস ব্রান তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে—সয়াবিন ৫০ লাখ লিটার ও রাইস ব্রান এক কোটি লিটার। যে দামে ব্যবসায়ীরা আজ বাজারে বিক্রি করছেন, তার চেয়ে প্রায় ২০ টাকা কমে আমাদের কাছে বিক্রি করেছেন। তাহলে বাজারে ২০ টাকা বাড়তির কোনো যৌক্তিক কারণ নেই।’

ব্যবসায়ীদের ওপর সরকারের নিয়ন্ত্রণ আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, ‘নিয়ন্ত্রণ আছে কি নেই, সেটা আমাদের পদক্ষেপেই বুঝবেন।’

ব্যবসায়ীরা সরকারকে পাশ কাটিয়ে দাম বাড়াচ্ছে—এমন মন্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘এ ধরনের প্রশ্ন ব্যবসায়ীদেরই করা উচিত। আমরা পদক্ষেপ নেব, আলোচনা চলছে। এটা তো বাজারে গিয়ে তলোয়ার নিয়ে লড়াই করার বিষয় নয়।’

আইন লঙ্ঘন করলে দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না—এ প্রশ্নে শেখ বশিরউদ্দীন বলেন, ‘নিশ্চয়ই নেব। কেন নেব না? আইনগতভাবে যে ব্যবস্থাগুলো আছে, সবই নেওয়া হবে।’

সম্পর্কিত বিষয়

  • ভোজ্যতেল
  • ভিত্তি নেই

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন