কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি বহুদিন ধরেই পর্যটকদের প্রথম পছন্দের তালিকায়।

তবে সাম্প্রতিক বছরগুলোতে নানা কারণে এসব পর্যটনকেন্দ্রে ভ্রমণকারীর সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। নিরাপত্তা ঘাটতি, দুর্বল অবকাঠামো, রাজনৈতিক অস্থিরতা, প্রতারণা, বালিয়াড়ি দখল ও বর্জ্য সংকট পর্যটকদের আস্থা নষ্ট করছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন হোটেল-মোটেল মালিক, রেস্তোরাঁ ব্যবসায়ী, পর্যটন গাইড, দোকানদার ও পরিবহন সংশ্লিষ্ট হাজারো মানুষ।
বিশেষ করে বিদেশি পর্যটকদের উপস্থিতি কমে যাওয়ায় পার্বত্য অঞ্চলে আয় হ্রাস পেয়েছে। উদাহরণস্বরূপ, ২০২২ সালে বান্দরবানে এসেছিলেন ১,৮৪১ জন বিদেশি পর্যটক। চলতি বছরের ৯ মাসে সংখ্যা নেমে এসেছে মাত্র ১১৫ জনে। একই প্রবণতা রাঙামাটি ও খাগড়াছড়িতেও দেখা যাচ্ছে, যদিও সাজেক ভ্যালি, কাপ্তাই হ্রদ, ঝুলন্ত ব্রিজ কিংবা আলু টিলা এখনও পর্যটকদের কাছে আকর্ষণীয়।
আজ বিশ্ব পর্যটন দিবস। দিবস উপলক্ষে সরকার পর্যটন বিকাশে নানা উদ্যোগের ঘোষণা দিয়েছে। তবে স্থানীয় ব্যবসায়ীদের প্রশ্ন—এসব উদ্যোগ বাস্তবে কতটা কার্যকর হবে এবং কতটা তাঁদের মুখে হাসি ফোটাবে?
