জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান অচলাবস্থা নিরসনে প্রধান উপদেষ্টার জরুরি হস্তক্ষেপ চেয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাজধানীতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে বলা হয়, ২৭ জুনের মধ্যে এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খানের অপসারণ না হলে ২৮ জুন থেকে সারা দেশে শুল্ক ও কর কার্যালয়গুলোতে লাগাতার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু হবে। পাশাপাশি ওই দিন ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার বলেন, “এ মুহূর্তে এনবিআরের অভ্যন্তরীণ সংকট নিরসনের একমাত্র পথ চেয়ারম্যানের অপসারণ। তিনি পদে থাকলে সংস্কার অসম্ভব।”
এদিকে বিকেল পৌনে ৫টার দিকে দেখা যায়, এনবিআরের সব ফটক বন্ধ করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কেউ ভবনে প্রবেশ বা বের হতে পারছেন না বলে জানা গেছে।
এই অচলাবস্থার ফলে রাজস্ব প্রশাসনে বিপর্যয় সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্ট মহলের আশঙ্কা। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি।
