আগে ১ অক্টোবর থেকে এ ব্যবস্থা কার্যকর হওয়ার কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে শুধু নির্ধারিত ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় কনসাইনি বিল গ্রহণ করা হবে। ফলে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমেও কনসাইনি বিল পরিশোধ করা যাবে। তবে ১ নভেম্বর থেকে পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে কোনো বিল গ্রহণ করা হবে না।
বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বন্দরের সেবা কার্যক্রম আরও দ্রুত, আধুনিক ও সহজ করতে সময়সীমা এক মাস বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে গত ২৩ সেপ্টেম্বর থেকে পে-অর্ডার বন্ধ করে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় বন্দর কর্তৃপক্ষ। এর প্রতিবাদে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস এমপ্লয়িজ ইউনিয়ন ও মালিক সমিতি চার ঘণ্টার ধর্মঘট পালন করে। পরে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে বিল পরিশোধের সুযোগ রাখা হয়।
একই সময়ে ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের সুবিধা বহাল রাখার দাবিতে বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করে চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশন। পরবর্তী সময়ে বন্দর কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টদের বৈঠকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন পেমেন্টের পাশাপাশি পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ রাখার সিদ্ধান্ত হয়।
এদিকে চট্টগ্রাম বন্দরের অনলাইন পেমেন্ট সিস্টেমের সঙ্গে সোনালী ব্যাংকের কারিগরি কার্যক্রমও সম্পন্ন হয়েছে। ফলে সোনালী ব্যাংকের অনলাইন গেটওয়ে ব্যবহার করে বন্দরের বিভিন্ন বিল অনলাইনে পরিশোধ করা যাবে।
বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন ডিজিটাল ব্যবস্থায় বিভিন্ন ব্যাংকিং মাধ্যমের পাশাপাশি মোবাইল ও অনলাইন ব্যাংকিং এবং ডেবিট-ক্রেডিট কার্ডের মাধ্যমে বিল পরিশোধের সুযোগ থাকবে। এতে বিল পরিশোধে সময় কমার পাশাপাশি ম্যানুয়াল নির্ভরতা কমবে এবং লেনদেনে স্বচ্ছতা বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামীম বলেন, কনসাইনি বিল পরিশোধে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা চালুর সময় এক মাস পিছিয়ে ১ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইন ব্যাংকিংয়ের পাশাপাশি পে-অর্ডার ও ব্যাংক রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল পরিশোধ করা যাবে।
১ নভেম্বর থেকে পে-অর্ডার ও রিভলভিং অ্যাকাউন্টের মাধ্যমে বিল গ্রহণ করা হবে না। নতুন ব্যবস্থা কার্যকর হওয়ার আগে সিএন্ডএফ এজেন্ট, কনসাইনি ও অন্যান্য বন্দর ব্যবহারকারীদের প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।