মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

তিনবার গিনেসে নাম নুসরাতের, এবার কাগজের তুষারকণা বানিয়ে

কয়েন দিয়ে দ্রুততম সময়ে টাওয়ার তৈরি, চপস্টিক দিয়ে ভাত খাওয়ার পর এবার কাগজ দিয়ে দ্রুততম সময়ে স্নো-ফ্লেক বা তুষারকণা তৈরি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন বরিশালের নুসরাত জাহান নিপা।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
তিনবার গিনেসে নাম নুসরাতের, এবার কাগজের তুষারকণা বানিয়ে

বাংলাদেশি এই তরুণীই দেশের প্রথম নারী, যার নাম তিনবার উঠেছে গিনেস বিশ্বরেকর্ডের খাতায়।

বরিশাল নগরীর কলেজ রোডের বাসিন্দা নুসরাত চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ রেকর্ডটি করেন। কাগজ কেটে ও ভাঁজ করে তুষারকণার আকৃতি তৈরি করতে তিনি সময় নিয়েছেন মাত্র ২১ দশমিক ৮৪ সেকেন্ড। এর আগে এই রেকর্ডটি ২৩ দশমিক ১৬ সেকেন্ডে ছিল চীনের এক প্রতিযোগীর দখলে।

নুসরাত জানান, ফেব্রুয়ারিতে রেকর্ডটি করলেও সম্প্রতি তিনি এর আনুষ্ঠানিক সার্টিফিকেট পেয়েছেন। এতে উচ্ছ্বসিত এই তরুণী বলেন, আগের রেকর্ড ভেঙে নতুন সময়ের রেকর্ডটি বাংলাদেশে আনতে পেরে তিনি আনন্দিত।

এর আগে ২০২১ সালে করোনাকালে এক হাতে এক মিনিটে ৭১টি কয়েন দিয়ে টাওয়ার তৈরি করে প্রথমবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান নুসরাত। ওই রেকর্ডটি ছিল ইতালির সিলভিও সাব্বার দখলে। পরে ২০২৪ সালে চপস্টিক ব্যবহার করে এক মিনিটে ২৭টি ভাতের দানা মুখে তুলে দ্বিতীয়বারের মতো গিনেসে নাম ওঠে তার।

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ থেকে রসায়নে স্নাতকোত্তর করা নুসরাত বর্তমানে একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করছেন। খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও বরিশালে মেয়েদের জন্য পর্যাপ্ত সুযোগ না থাকায় ঘরে বসেই নানা ধরনের রেকর্ড গড়ার চর্চা করেন তিনি।

নুসরাত বলেন, কঠোর পরিশ্রমের মাধ্যমে সবকিছু অর্জন করা সম্ভব। ঘরে বসেই রেকর্ড গড়ে দেশ ও নিজের শহর বরিশালকে বিশ্বের কাছে তুলে ধরতে চান তিনি। ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন এই রেকর্ডধারী।

চতুর্থবার কোন বিষয়ে গিনেস রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছেন—জানতে চাইলে রহস্যময় হাসি দিয়ে নুসরাতের সংক্ষিপ্ত উত্তর, ‘দেখা যাক’।

সম্পর্কিত বিষয়

  • গিনেস
  • নিপা

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন