বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চ্যানেল বর্তমানে সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রয়েছে এবং জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। সোমবার দুপুর আনুমানিক ২টা ১৫ মিনিটে চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী চ্যানেলে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাস চ্যানেল দিয়ে চলাচলের সময় হঠাৎ স্টিয়ারিং সিস্টেমে কারিগরি ত্রুটি দেখা দেয়। এর ফলে জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ২ নম্বর রেড (লাল) নেভিগেশন বয়া-এর সঙ্গে ধাক্কা খায়। পরে সেটি চ্যানেলের প্রতিরক্ষামূলক রিটেইনিং ওয়ালে আঘাত লেগে আটকে যায়।
দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী-৪ ও কাণ্ডারী-১১ ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সামুদ্রিক সংস্থাগুলোর সমন্বয়ে উদ্ধার ও নিরাপত্তা কার্যক্রম শুরু করা হয়।
বন্দর সচিব জানান, উদ্ধার অভিযান চলাকালেও চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। অন্য কোনো জাহাজের চলাচলে উল্লেখযোগ্য বিঘ্ন সৃষ্টি হয়নি এবং বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে চট্টগ্রাম বন্দরের চ্যানেল সম্পূর্ণ নিরাপদ ও উন্মুক্ত রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাহাজটি নিরাপদে সরিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কার্যক্রম শেষে জাহাজটির কারিগরি ত্রুটির কারণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।
