মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

দেশে ফিরলেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সংঘাতের জেরে হরমুজ প্রণালির কাছে প্রায় ১১৫ দিন আটকা থাকার দুঃসহ অভিজ্ঞতা শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’-এর ১৭ জন নাবিক|

আমাদের বাংলা সম্পাদকীয় দল
দেশে ফিরলেন ‘বাংলার জয়যাত্রা’র ১৭ নাবিক

সোমবার রাতে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা যাত্রা করেন| দুবাই হয়ে মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান|

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ১৭ জন ক্রু সদস্যই নিরাপদে দেশে ফিরেছেন| দেশে ফেরা ১৭ জনের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট ও রেটিংস রয়েছেন| জাহাজের কার্যক্রম সচল রাখতে ইতোমধ্যে ১৭ জন বিকল্প নাবিক দক্ষিণ আফ্রিকার ডারবানে গিয়ে দায়িত্ব বুঝে নিয়েছেন|

বিএসসির জেনারেল ম্যানেজার (জাহাজ কর্মী বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান বলেন, দীর্ঘদিন সমুদ্রে আটকে থাকায় নাবিকরা শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন| তাদের কষ্টের বিষয়টি বিবেচনায় নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়| সাধারণত একজন নাবিক সর্বোচ্চ প্রায় ১১ মাস জাহাজে দায়িত্ব পালন করেন| যাদের চাকরির মেয়াদ শেষ হয়েছে বা শেষের পথে ছিল এবং প্রায় চার মাস আটকে থাকার কারণে তারা শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, তাদেরই প্রথম দফায় দেশে ফেরানো হয়েছে|

ক্যাপ্টেন জিয়াউর রহমান জানান, আগামী কয়েকদিনের মধ্যে নতুন পণ্য বোঝাই শেষ করে ‘বাংলার জয়যাত্রা’ ডারবান বন্দর ত্যাগ করতে পারে| জাহাজটির সম্ভাব্য পরবর্তী গন্তব্য মালয়েশিয়া| সেখানে পৌঁছানোর পর প্রয়োজন অনুযায়ী আরও কিছু নাবিককে রোটেশনের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার বিষয়টি বিবেচনা করা হবে| নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বাংলাদেশি পতাকাবাহী এই বাল্ক ক্যারিয়ারটি প্রায় ১১৫ দিন পারস্য উপসাগরে আটকে ছিল|

পরিস্থিতির উন্নতি হলে গত ২৩ জুন জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে পৌঁছে| সেখানে জ্বালানি গ্রহণ ও জাহাজের তলদেশ পরিষ্কারের (হাল ক্লিনিং) কাজ শেষে এটি দক্ষিণ আফ্রিকার ডারবানের উদ্দেশে যাত্রা করে| ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ টন ধারণক্ষমতার ‘বাংলার জয়যাত্রা’ জাহাজটি মোট ৩১ জন বাংলাদেশি নাবিক পরিচালনা করছিলেন|

বিএসসি জানায়, সিঙ্গাপুরভিত্তিক একটি চার্টার প্রতিষ্ঠানের অধীনে গত ২৬ জানুয়ারি জাহাজটি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করে| প্রথমে কাতারের মেসাইয়েদ বন্দর থেকে ৩৯ হাজার টন স্টিল কয়েল সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছে দেয়| পরে সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে প্রায় ৩৭ হাজার টন সার নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপটাউন ও ডারবানের উদ্দেশে যাত্রা শুরু করলেও আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় হরমুজ প্রণালির কাছে আটকে পড়ে|

সম্পর্কিত বিষয়

  • রমুজ প্রণালি

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন