রোববার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন|
বন্দর কর্তৃপক্ষ জানায়, নতুন এই ওয়াই-ফাই সুবিধার মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে সেবা নিতে আসা আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্টসহ সংশ্লিষ্ট সব অংশীজন বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন| এর ফলে নথিপত্র আদান-প্রদান, শুল্কায়ন কার্যক্রম এবং অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণের গতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে|
উদ্বোধনী অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান বলেন, “চট্টগ্রাম বন্দরকে সম্পূর্ণ পেপারলেস ও স্মার্ট বন্দরে রূপান্তরের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এ সেবা চালু করা হয়েছে| ওয়ান স্টপ সার্ভিস সেন্টার ও বন্দর ভবনে আসা অংশীজনরা যাতে কোনো ধরনের নেটওয়ার্ক জটিলতা ছাড়াই দ্রুত দাপ্তরিক ও বন্দর-সংশ্লিষ্ট কাজ সম্পন্ন করতে পারেন, সে লক্ষ্যেই এই ফ্রি ওয়াই-ফাই সেবা চালু করা হয়েছে| পর্যায়ক্রমে গ্রাহকসেবার মানোন্নয়নে আরও আধুনিক প্রযুক্তি সংযোজন করা হবে|”
সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যবহারকারীরা জানান, উচ্চগতির ইন্টারনেট সুবিধা চালু হওয়ায় বিভিন্ন ডিজিটাল সেবা গ্রহণ, অনলাইন নথি আপলোড-ডাউনলোড এবং প্রয়োজনীয় তথ্য আদান-প্রদানে সময় ও ভোগান্তি কমবে| এতে বন্দরের সেবার গতি ও দক্ষতা আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন|
উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা, সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের প্রতিনিধি এবং বন্দর ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন|
