মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে প্রথম অকটেন জাহাজ

চট্টগ্রাম বন্দরে অকটেন নিয়ে প্রথম জাহাজ ‘এমটি সেন্ট্রাল স্টার’ দেশে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে জাহাজটি ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে প্রথম অকটেন জাহাজ

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্র জানায়, সিঙ্গাপুরভিত্তিক আন্তর্জাতিক জ্বালানি কোম্পানি ভিটল এই চালান সরবরাহ করেছে। জাহাজে আনা অকটেনের চালানটি মূলত মালয়েশিয়া থেকে এসেছে।

নতুন এই জাহাজ থেকে অকটেন খালাস ও সরবরাহের দায়িত্বে রয়েছে সরকারি তেল কোম্পানি মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মো. শাহীরুল হাসান বলেন, বর্তমানে দেশে অকটেনের কোনো সংকট নেই। নতুন করে আরও একটি জাহাজ আসায় সরবরাহ ব্যবস্থায় স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। আগামী দুই দিনের মধ্যে জাহাজ থেকে অকটেন খালাস কার্যক্রম শেষ করা সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অকটেন মূলত মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও মাইক্রোবাসের জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে এই জ্বালানির সংকট দেখা দেয়। অনেক জায়গায় ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও গ্রাহকদের অকটেন পাওয়া যায়নি। কোথাও কোথাও ‘অকটেন নেই’ সাইনবোর্ড টাঙিয়ে রাখতে দেখা গেছে।

যুদ্ধ শুরুর এক মাস পার হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে নতুন এই চালান সরবরাহ পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক করবে বলে মনে করছেন বিপিসির কর্মকর্তারা।

দেশের একমাত্র সরকারি জ্বালানি আমদানিকারক সংস্থা বিপিসির প্রকাশনা ‘বিপিসি বাতায়ন’ অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দেশে সরবরাহ করা মোট জ্বালানির মধ্যে অকটেনের অংশ ছিল প্রায় ৬ শতাংশ। সংস্থাটির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, ওই অর্থবছরে দেশে মোট ৪ লাখ ১৫ হাজার টন অকটেন বিক্রি হয়েছে। এর প্রায় অর্ধেক দেশেই উৎপাদন হয়েছে, আর বাকি অংশ ছিল আমদানিনির্ভর।

বিপিসি সূত্রে জানা যায়, গত ৬ এপ্রিল পর্যন্ত দেশে অকটেনের মজুত ছিল ১০ হাজার ৫২৬ টন। গত মার্চ মাসে প্রতিদিন গড়ে ১ হাজার ২২২ টন অকটেন বিক্রি হয়েছে। সরবরাহ সংকটের কারণে চলতি এপ্রিল মাসে দৈনিক গড় বিক্রি কিছুটা কমিয়ে ১ হাজার ১১৪ টনে নামানো হয়েছে।

যুদ্ধ শুরুর পর মার্চ মাসে ডিজেল, জেট ফুয়েল ও ফার্নেস তেল নিয়ে ১০টি জাহাজ দেশে এলেও নির্ধারিত আরও সাতটি জাহাজ তখন আসতে পারেনি। তবে গত মাসে অকটেন নিয়ে জাহাজ আসার কোনো পূর্বনির্ধারিত সূচি ছিল না বলে বিপিসি সূত্র জানিয়েছে।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম বন্দর
  • অকটেন
  • জাহাজ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন