মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

৩৪ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে

জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যেও শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাতে চীনের পতাকাবাহী জাহাজটি বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে আসে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়াত হামিম।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
৩৪ হাজার টন ডিজেল চট্টগ্রাম বন্দরে

বন্দর সচিব জানান, ‘শান গ্যাং ফা জিয়ান’ নামের জাহাজটি ২৯ মার্চ মালয়েশিয়া থেকে যাত্রা শুরু করে। গতকাল শনিবার এটি বন্দরে বার্থিং করার কথা রয়েছে। এর আগে একই দিন দুপুরে সিঙ্গাপুর থেকে ২৭ হাজার ৩০০ টন ডিজেল নিয়ে ‘ইয়ান জিং হে’ নামের আরেকটি জাহাজ পদ্মা অয়েল কোম্পানি-এর ডলফিন জেটি-৬-এ ভিড়েছে এবং খালাস কার্যক্রম চলছে। দুটি জাহাজের স্থানীয় এজেন্ট প্রাইড শিপিং লাইনস।

জাহাজের স্থানীয় এজেন্টের পক্ষ থেকে জানানো হয়, ‘শান গ্যাং ফা জিয়ান’-এ ৩৪ হাজার টনের কিছু বেশি ডিজেল রয়েছে এবং সেটি ইতোমধ্যে বহির্নোঙরে অবস্থান করছে।

সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানায়, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি ডিজেল নিয়ে আসা দশম জাহাজ। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে অগ্রাধিকার ভিত্তিতে এসব জাহাজকে বার্থিং দেওয়া হচ্ছে এবং বিকল্প উৎস থেকে আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। বিপিসির তথ্য অনুযায়ী, চলতি এপ্রিল মাসে দেশের ডিজেলের চাহিদা প্রায় চার লাখ টন। এ চাহিদা মেটাতে মাসজুড়ে আরও সোয়া তিন লাখ টন ডিজেল আমদানির পরিকল্পনা রয়েছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় নির্ধারিত সময় অনুযায়ী জ্বালানি বহনকারী কয়েকটি জাহাজ দেশে পৌঁছাতে পারেনি। এতে সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হলে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নেয়।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম বন্দর
  • ডিজেল
  • মালয়েশিয়া
  • চীন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন