মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

তেলের দাম বাড়তে পারে, তবে সংকট নেই: আমির খসরু মাহমুদ চৌধুরী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশে বর্তমানে তেলের কোনো সংকট নেই, তবে আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্যের কারণে পরিস্থিতি দীর্ঘদিন ধরে রাখা কঠিন হতে পারে। পরিস্থিতি বিবেচনায় শিগগিরই জ্বালানি তেলের বিষয়ে নতুন সিদ্ধান্ত আসতে পারে, যার মধ্যে মূল্য সমন্বয়ের বিষয়ও থাকতে পারে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
তেলের দাম বাড়তে পারে, তবে সংকট নেই: আমির খসরু মাহমুদ চৌধুরী

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধায় চট্টগ্রামের কেইপিজেড ইয়ংওয়ান করপোরেশন মিলনায়তনে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-এর শিক্ষার্থীদের স্কলারশিপ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়ছে। দেশের অধিকাংশ জ্বালানি তেল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করতে হয় এবং আন্তর্জাতিক বাজারের অস্থিরতা পরিস্থিতিকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। তিনি বলেন, বিশ্বের প্রায় সব দেশেই জ্বালানি তেলের দাম বেড়েছে। এমনকি আমেরিকাতে বেড়েছে প্রায় শতগুন।

আমরা এখনো দাম বাড়াইনি, কিন্তু এ অবস্থা কতদিন বজায় রাখা যাবে, তা অনিশ্চিত। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এ ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না। সংকট মোকাবিলায় সরকার ইতোমধ্যে জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী কর্মসূচি হাতে নিয়েছে, যেখানে মন্ত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ—সবার অংশগ্রহণ প্রয়োজন।

সাংবাদিকদের করা প্রশ্নে পুঁজিবাজার প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। ব্যাংক ঋণনির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগনির্ভর কাঠামোর দিকে অগ্রসর হওয়ার লক্ষ্য রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরবরাহ ব্যবস্থা সচল রেখে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব হবে।

এর আগে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)’র উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসারের সভাপতিত্বে ইয়ংওয়ান করপোরেশন ও কোরিয়ান ইপিজেডের চেয়ারম্যান কিহাক সাং, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লুৎফি এম আইয়ুবের উপস্থিতিতে শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্পগোষ্ঠী ইয়ংওয়ান করপোরেশন দেশের শিল্পায়ন, কর্মসংস্থান এবং শিক্ষাখাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সিআইইউ শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ কার্যক্রমকে তিনি প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

CIU-Youngone.jpg

এই স্কলারশিপের আওতায় সিআইইউ’র প্রকৌশল অনুষদের বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ও বিএসসি ইন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম এবং ব্যবসায় অনুষদের বিবিএ প্রোগ্রাম থেকে মোট ১৬জন শিক্ষার্থীকে বিশেষ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে স্কলারশিপের জন্য নির্বাচন করা হয়। মর্যাদাপূর্ণ এই স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা পুরো আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে নির্দিষ্ট সিজিপিএ বজায় রাখা সাপেক্ষে শতভাগ টিউশন ফি মওকুফসহ বিনামূল্যে অধ্যয়নের সুযোগ পাবে।

এই শিক্ষার্থীরা তাদের পাঠক্রমের অংশ হিসেবে ইয়ংওয়ান করপোরেশনে ইন্টার্ণশিপের সুযোগ পাবে এবং এর সফল সমাপ্তি শেষে সেখানেই চাকরিতে যোগদান করবে। সেইসাথে তাদেরকে মেন্টরশিপ সুবিধা এবং কোরিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে সহায়তা প্রদান করা হবে। ইয়ংওয়ান করপোরেশনের সৌজন্যে নির্বাচিত শিক্ষার্থীদের একটি অংশকে শিক্ষকবৃন্দের সঙ্গে আগামী মাসে কোরিয়ায় একটি শিক্ষা সফরে অংশগ্রহণের জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত বিষয়

  • অর্থ ও পরিকল্পনা মন্ত্রী
  • তেলের দাম

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন