একই সঙ্গে আধুনিক লাইব্রেরি চিকিৎসকদের জ্ঞানচর্চা ও গবেষণায় সহায়ক হবে এবং রেনোভেটেড ক্লাসরুম একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।’
সোমবার (৩০ মার্চ) সকাল ১১টায় হাসপাতালের এনেস্থেশিয়া বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অর্থোপেডিক্স ইমার্জেন্সি অপারেশন থিয়েটার (ওটি) সম্প্রসারণ, আধুনিক লাইব্রেরি ও রেনোভেটেড ক্লাসরুম উদ্বোধন এবং শিশু বিভাগ পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়েছে, যা হাসপাতালের চিকিৎসা ও একাডেমিক কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আধুনিক ও সময়োপযোগী চিকিৎসা সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই সম্প্রসারণ রোগীদের দ্রুত ও উন্নত চিকিৎসা প্রাপ্তি নিশ্চিত করবে এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক মান উন্নয়নে সহায়ক হবে।
বিশেষ করে সড়ক দুর্ঘটনা ও বিভিন্ন ট্রমাজনিত রোগীর সংখ্যা বিবেচনায় জরুরি অপারেশন সুবিধা বাড়ানো সময়ের দাবি। সম্প্রসারিত অর্থোপেডিক্স ইমার্জেন্সি ওটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি আধুনিক লাইব্রেরি ও উন্নত ক্লাসরুম চিকিৎসকদের প্রশিক্ষণ, গবেষণা ও দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. তসলিম উদ্দিন, এনেস্থেশিয়া বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হারুন অর রশীদ, অধ্যাপক কে এম বাকি বিল্লাহ, সহকারী অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাজেদ চৌধুরী, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ মুসা মিঞা, সহযোগী অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, সহকারী অধ্যাপক ডা. জাবেদ বিন আমিন, সহকারী অধ্যাপক ডা. মাহমুদ আল ফারাবী, সহযোগী অধ্যাপক ডা. মহিউদ্দিন মানিক, ডা. ইলহাম ইমাম, ডা. রিয়াসাত শাহাবুদ্দিন, ডা. সামিউল করিম, ডা. আফরিনা জাহান শেফা, ডা. জহির শাহ প্রমুখ।
