মঙ্গলবার (২৪ মার্চ) সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থবির হয়ে পড়েছে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল।
জনসংযোগ কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সালাম এয়ার, এয়ার আরাবিয়া ও ইউএস বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি থেকে চট্টগ্রামগামী ফ্লাইটগুলোর স্থবিরতা এখনো কাটেনি। পাশাপাশি দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ থাকায় ফ্লাইট পরিচালনায় প্রভাব পড়ছে।
এ পরিস্থিতিতে সবশেষ গত সোমবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যের তিনটি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে।
অন্যদিকে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ৬টি এরাইভাল এবং ৫টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।
