আগামী ছয় মাসের মধ্যে ভূমি মন্ত্রণালয়ের দুর্নীতি ‘ওয়ান ডিজিট’ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পরিকল্পিত সংস্কারের মাধ্যমে ভূমি মন্ত্রণালয়কে স্বচ্ছ, জনবান্ধব ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রবিবার (২২ মার্চ) সকালে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, মন্ত্রণালয়ের কার্যক্রমে অটোমেশন বাড়ানো, ই-পেমেন্ট চালু এবং অফিসগুলোতে সরাসরি নগদ লেনদেন বন্ধের উদ্যোগ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে সেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়বে এবং দুর্নীতির সুযোগ কমে আসবে।
তিনি বলেন, চট্টগ্রামের হাটহাজারী ভূমি অফিসে ইতোমধ্যে সম্পূর্ণ ই-পে সিস্টেম চালু হয়েছে, যেখানে কোনো ধরনের নগদ লেনদেন হয় না। এই মডেল ধীরে ধীরে অন্যান্য এলাকাতেও বিস্তৃত করা হবে।
মীর হেলাল আরও বলেন, বর্তমানে চট্টগ্রামের অনেক ইউনিয়নে ভূমি সেবা না থাকাটা দুঃখজনক। দেশের অন্যান্য অঞ্চলের মতো প্রতিটি ইউনিয়নে এই সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। পাশাপাশি আইন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সমন্বয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে এবং মাঠপর্যায়ে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
