মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

চট্টগ্রামে রেলওয়ে সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন, তিন সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রাম নগরের পাহাড়তলীতে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শুক্রবার (১৩ মার্চ) মধ্যরাতে কার্যালয়টিতে আগুন লাগে।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
চট্টগ্রামে রেলওয়ে সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয়ে আগুন, তিন সদস্যের তদন্ত কমিটি

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে বিভিন্ন ধরনের কাগজপত্র পুড়ে গেছে। এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে। প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের কার্যালয় থেকে রেলওয়ের বিভিন্ন কেনাকাটাসহ নানা ধরনের কাজ করা হয়।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাত সাড়ে ১১টায় আগুন লাগার খবর পায় তারা। এরপর আগ্রাবাদ ফায়ার স্টেশন থেকে দুটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন পুরোপুরি নেভানো হয় দিবাগত রাত পৌনে একটায়। তবে আগুনের কারণ চিহ্নিত করা যায়নি। আগুনে ২ লাখ ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে। প্রায় ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সবুক্তগীন বলেন, যেখানে আগুন লেগেছে, সেখানে প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। সংস্কারকাজের জন্য সেখান থেকে প্রয়োজনীয় ও জরুরি কাগজপত্র ও নথিপত্র আগেই সরিয়ে নেওয়া হয়েছিল। সেখানে সংস্কারকাজ চলছিল। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির কারণ জানতে তিন সদস্যর কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।

সম্পর্কিত বিষয়

  • রেলওয়ে
  • আগুন

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন