মূল সংবাদে যান
অর্থ বাণিজ্য

বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের গণ-অনশন

চট্টগ্রাম বন্দরের নিয়ন্ত্রণ বিদেশিদের হাতে তুলে দেওয়ার বিরোধিতা করে গণঅনশন শুরু করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।

আমাদের বাংলা সম্পাদকীয় দল
বন্দরের ইজারা বাতিলের দাবিতে শ্রমিকদের গণ-অনশন

এতে শতাধিক শ্রমিক ও সংগঠনের নেতা অংশ নিয়ে বলেন, দেশের প্রধান সমুদ্রবন্দর হিসেবে চট্টগ্রাম বন্দর নিজস্ব ব্যবস্থাপনাতেই সফলভাবে পরিচালিত হচ্ছে, ফলে বিদেশি অপারেটর নিয়োগের কোনো প্রয়োজন নেই। শ্রমিকদের দাবি বন্দরকে বাণিজ্যিকভাবে নয়, জাতীয় স্বার্থে সংরক্ষণ করতে হবে।

স্কপের নেতা রিজওয়ানুর রহমান খান বলেন, চট্টগ্রাম বন্দর বছরে আড়াই হাজার কোটি টাকার বেশি মুনাফা করে। এত লাভজনক প্রতিষ্ঠান বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার অর্থ জাতীয় সম্পদকে ঝুঁকিতে ফেলা। সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে।

বাম গণতান্ত্রিক জোট চট্টগ্রাম জেলা পরিচালনা পরিষদের সমন্বয়ক শফি উদ্দিন কবির বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার গোপনে বিদেশিদের সঙ্গে বন্দরের চুক্তি করেছিল। বর্তমান সরকারও সেটি পর্যালোচনা না করে বাস্তবায়ন করছে, যা জনগণের কাছে অগ্রহণযোগ্য।

অন্য বক্তারা বলেন, নিউমুরিং টার্মিনাল ও লালদিয়া চর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি। বন্দর শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধির কেন্দ্র নয়, এটি জাতীয় নিরাপত্তার অংশ-তাই বিদেশি নিয়ন্ত্রণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের চারটি কনটেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগের উদ্যোগ আওয়ামী লীগ সরকারের সময় থেকেই বিতর্কের জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারও সেই প্রক্রিয়া এগিয়ে নিতে চায়। গত ২২ অক্টোবর একই দাবিতে বিক্ষোভ করে স্কপ। তখন বন্দর এলাকায় যেতে বাধা দেওয়ায় আজকের গণঅনশনের ঘোষণা আসে। এর আগে ২৭ অক্টোবর ঢাকায়ও বিক্ষোভ করে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা।

সম্পর্কিত বিষয়

  • চট্টগ্রাম বন্দর
  • স্কপ

আমাদের বাংলা সম্পাদকীয় দল

আমাদের বাংলা-এ প্রকাশিত সংবাদ।

এই সংবাদটি শেয়ার করুন