নিয়মিত কিস্তি দিলেও ফ্ল্যাট বুঝে পান না সময়মতো । ভবনের কাঠামো দাঁড়ালেও অন্যান্য কাজ থেমে থাকে দীর্ঘদিন। মালিক শুধু আশ্বাস দিয়ে যান। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তি করার আগে কিছু বিষয় খেয়াল রাখলে ভোগান্তি অনেকটাই এড়ানো সম্ভব।
ফ্ল্যাট কেনায় ১০ কৌশল :
১. সাধ আর সাধ্য মিলিয়ে নিন – বাজেটের বাইরে গিয়ে ঋণ নিয়ে ব্যয়বহুল ফ্ল্যাট কিনবেন না।
২. প্রয়োজন মেটাবে এমন লোকেশন বাছুন – সন্তানের পড়াশোনা, কর্মস্থলের যোগাযোগ, বাজার–সুবিধা সব বিবেচনা করুন।
৩. ভবনের সুবিধা দেখুন – বিদ্যুৎ, পানি, গ্যাস, নিরাপত্তা ছাড়াও জিম, পার্কিং, খেলার জায়গা ইত্যাদি যাচাই করুন।
৪. সঠিক প্রতিষ্ঠান বাছাই করুন – রিহ্যাব সদস্যপদ আছে কি না এবং অতীত ইতিহাস ভালো কি না দেখুন।
৫. অনুমোদনবিহীন প্রকল্প এড়িয়ে চলুন – রাজউকের অনুমোদন আছে কি না নিশ্চিত হন।
৬. জমির কাগজ যাচাই করুন – জমি নিয়ে মামলা বা জটিলতা আছে কি না ভূমি কার্যালয় থেকে খোঁজ নিন।
৭. চুক্তির শর্ত খুঁটিয়ে পড়ুন – নির্মাণসামগ্রী, নকশা, আয়তন ও অন্যান্য শর্ত লিখিত আকারে আছে কি না নিশ্চিত করুন।
৮. কিস্তির নিয়ম পরিষ্কারভাবে জানুন – কত কিস্তি, কবে হস্তান্তর, বাতিল হলে কীভাবে নিষ্পত্তি হবে—এসব লিখিত রাখুন।
৯. কোন প্রকল্প লাভজনক বুঝে নিন – প্রস্তুত ফ্ল্যাট দামি হলেও তাৎক্ষণিক পাওয়া যায়, নির্মাণাধীন ফ্ল্যাট তুলনামূলক সাশ্রয়ী।
১০. ঋণ নিন বুঝেশুনে – ব্যাংক বা সরকারি সংস্থার সুদহার ও শর্ত যাচাই করে ঋণ নিন।
নগর পরিকল্পনাবিদদের মতে, ফ্ল্যাট কেনার আগে যথাযথ যাচাই–বাছাই করলে ভবিষ্যতে আর্থিক ও মানসিক ঝামেলা থেকে রক্ষা পাওয়া সম্ভব।
